
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫৮ লাখ ৯১ হাজার ৫৩০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। রোববার (১১ অক্টোবর) নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহলদল এসব অভিযান পরিচালনা করে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনা ও পরিকল্পনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হয়। এসব অভিযানে সালদানদী, শশীদল, শংকুচাইল, খারেরা, আখাউড়া ও খাদলা বিওপির টহলদল অংশ নেয়।
অভিযানে জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বাসমতি চাল, বাজি, গরু, স্যুটের কাপড়, ট্যাংক, অরিও বিস্কুট, চকলেট, শিং মাছ, শাড়ি, অলিভ অয়েল, মদ, বিয়ার ও মোটরসাইকেল। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৫৮ লাখ ৯১ হাজার ৫৩০ টাকা।
বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান, মাদক পাচার, নারী ও শিশু পাচারসহ সীমান্তকেন্দ্রিক অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত পারাপার ও পুশ-ইন প্রতিরোধেও আভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি
