ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের সরকারি আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে। ২০২৫-২৬ অর্থবছরে আবেদন করেও যারা অনুদানের অর্থ পাননি, তাদের অপেক্ষমাণ আবেদন ২০২৬-২৭ অর্থবছরে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করা হবে না।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা-১ শাখা থেকে গত ৫ অক্টোবর জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে উল্লিখিত সাত রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা কার্যক্রমের আওতায় আইডিএসডিপি (IDSDP) সফটওয়্যারে যেসব আবেদনের বিপরীতে অর্থ বিতরণ করা সম্ভব হয়নি, সেসব অপেক্ষমাণ আবেদন জেলা পর্যায় থেকে সংশ্লিষ্ট উপজেলা ইউনিটে স্থানান্তর করে সহায়তা দেওয়ার প্রস্তাব করেছিল সমাজসেবা অধিদপ্তর।
তবে আগের অর্থবছরের আবেদনগুলো ‘সংশ্লিষ্ট কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা, ২০১৯’-এর আলোকে করা হয়েছিল। অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য অনুদানের পরিমাণ ও রোগের আওতা বৃদ্ধি করে ‘ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা, ২০২৬ (সংশোধিত)’ প্রণয়ন করা হয়েছে।
এ কারণে আগের অর্থবছরের অপেক্ষমাণ আবেদনগুলো নতুন অর্থবছরে স্থানান্তর না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবর্তে, নতুন নীতিমালার আলোকে সংশ্লিষ্ট রোগীদের কাছ থেকে নতুন করে আবেদন গ্রহণ করে অনুদানের অর্থ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
ফলে আগের অর্থবছরে আবেদন করেও অনুদান না পাওয়া রোগীদের নতুন নীতিমালা অনুসরণ করে পুনরায় আবেদন করতে হবে।
The post ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তায় নতুন করে আবেদনের নির্দেশ appeared first on ভোরের চেতনা.
