ইসরাইলের আসন্ন সংসদ নির্বাচনের আগে জনমত জরিপে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চেয়ে এগিয়ে রয়েছেন বিরোধী রাজনীতিক গাদি আইজেনকট। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আইজেনকটকে বেশি যোগ্য মনে করেন দেশটির ৪৫ শতাংশ নাগরিক। নেতানিয়াহুর পক্ষে মত দিয়েছেন ৩৩ শতাংশ। শুধু প্রধানমন্ত্রী হওয়ার দৌড়েই নয়, আসনসংখ্যার হিসাবেও নেতানিয়াহুর লিকুদ পার্টিকে পেছনে ফেলতে পারে আইজেনকটের দল ইয়াশার।
বিজ্ঞাপন
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৭ অক্টোবর ইসরাইলের সংসদ নির্বাচন হওয়ার কথা। এর আগে গতকাল সোমবার প্রকাশিত চ্যানেল টুয়েলভের জরিপে এ চিত্র উঠে এসেছে।
জরিপ অনুযায়ী, প্রধানমন্ত্রী হিসেবে আইজেনকটের চেয়ে নেতানিয়াহুকে বেশি উপযুক্ত মনে করেন ৩৩ শতাংশ উত্তরদাতা। বিপরীতে আইজেনকটের পক্ষে মত দিয়েছেন ৪৫ শতাংশ। অর্থাৎ, এ ক্ষেত্রে নেতানিয়াহুর চেয়ে ১২ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন আইজেনকট। আগের জরিপে ব্যবধান ছিল ১০ শতাংশ পয়েন্ট।
নির্বাচনে ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে আইজেনকটের দল ইয়াশার ২৪টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর লিকুদ পার্টি পেতে পারে ২১টি আসন। অর্থাৎ, আসনের হিসাবেও নেতানিয়াহুর দলকে ছাড়িয়ে যেতে পারে ইয়াশার।
সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দল টুগেদার পেতে পারে ১৪টি আসন। ইয়ার গোলানের ডেমোক্র্যাটস এবং আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট পেতে পারে ৯টি করে আসন।
আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু পার্টি, কট্টর অর্থোডক্স ইহুদিদের দল শাস এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের দল জিউইশ পাওয়ার পেতে পারে আটটি করে আসন।
জরিপে দেখা গেছে, নেতানিয়াহুবিরোধী ইহুদি-নেতৃত্বাধীন দলগুলো সম্মিলিতভাবে ৫৫টি আসন পেতে পারে। আগের জরিপের তুলনায় এ সংখ্যা দুই আসন বেশি। অন্যদিকে নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট পেতে পারে ৫১টি আসন।
আরব দল দুটি মিলিয়ে পেতে পারে ১৪টি আসন। সব মিলিয়ে নেতানিয়াহুর জোটের বাইরে থাকা দলগুলোর আসনসংখ্যা দাঁড়াতে পারে ৬৯টিতে। তবে এসব দল একজোট হয়ে সরকার গঠন করবে কি না, তা এখনো অনিশ্চিত।
প্রধানমন্ত্রী হিসেবে যোগ্যতার প্রশ্নে আরেক সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও নেতানিয়াহুর চেয়ে এগিয়ে রয়েছেন। জরিপে ৩৯ শতাংশ উত্তরদাতা বেনেটকে বেশি উপযুক্ত মনে করেছেন। নেতানিয়াহুর পক্ষে মত দিয়েছেন ৩৪ শতাংশ। আর ২২ শতাংশের মতে, তাদের কেউই প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত নন।
ট্রাম্পের সমর্থনেও বাড়ছে না নেতানিয়াহুর জনপ্রিয়তা
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছেন। তবে জরিপে অংশ নেওয়া অধিকাংশ ইসরাইলি বলেছেন, ট্রাম্পের এ সমর্থন তাদের ভোটের সিদ্ধান্তে প্রভাব ফেলবে না।
জরিপে ৬৪ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, ট্রাম্পের সমর্থন তাদের ভোট দেওয়ার সিদ্ধান্ত বদলাবে না। ১৭ শতাংশ বলেছেন, এ সমর্থনের কারণে লিকুদ পার্টিকে ভোট দেওয়ার সম্ভাবনা তাদের কমেছে। বিপরীতে মাত্র ১২ শতাংশ জানিয়েছেন, ট্রাম্পের সমর্থন নেতানিয়াহুর দলের প্রতি তাঁদের সমর্থন বাড়িয়েছে।
গত রোববার নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়ে ট্রাম্প তার নেতৃত্বের প্রশংসা করেন। ওয়াশিংটনের সঙ্গে নেতানিয়াহুর অংশীদারত্বের কথাও তুলে ধরেন তিনি। বিশেষ করে ইরানের বিরুদ্ধে অবস্থানের ক্ষেত্রে নেতানিয়াহুর ভূমিকার প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট।
এএম
