প্রকাশিত: ০৮:২৮, ২১ অক্টোবর ২০২৬
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
দেবী দূর্গার প্রতিমা
শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিকতা।
গতকাল মহানবমী উপলক্ষে রাজধানী ঢাকার বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। ভক্তরা দেবীর চরণে অঞ্জলি নিবেদন করেন এবং প্রসাদ গ্রহণ করেন। সন্ধ্যা আরতি শেষে শুরু হয় বিদায়ের আবহ। আজ বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা। এর মধ্য দিয়েই শেষ হবে এবারের দুর্গোৎসব।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা গত ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়। এরপর সপ্তমী, অষ্টমী ও মহানবমীর পূজা শেষে আজ পালিত হচ্ছে বিজয়া দশমী।
বিজয়া দশমী উপলক্ষে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা হিন্দু সম্প্রদায়ের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে, বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের আগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে একটি শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদরঘাটে পৌঁছাবে।
