জেলা প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৬০) মারা গেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শুক্রবার সকাল ৯টার দিকে মোকামতলা–জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজা বেগম গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আবদুল বারীও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী ঢাকা থেকে সরকারি সফরে তাঁর সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনের উদ্দেশে যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় সড়ক পার হওয়ার সময় ফিরোজা বেগমকে গাড়িটি ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ধাক্কার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানখেতে পড়ে যায়।
এ সময় গাড়িতে প্রতিমন্ত্রীর সহধর্মিণীও ছিলেন। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে। তাঁর পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন। তাঁদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
