কিছুদিন আগেই আসে তার বিচ্ছেদের খবর। এক বিবৃতিতে নিজেই প্রকাশ্যে আনেন তা। এরপর একেবারেই নিশ্চুপ হয়ে যান মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম।
তবে সপ্তাহ দুয়েক পরে হলেও যেন অবশেষে সাড়া মিলল তার! জানা গেল, নিজেকে সময় দিতে ঘুরে বেড়াচ্ছেন শেহতাজ। রোববার (১৮ অক্টোবর) ফেসবুকে প্রকাশিত তার একগুচ্ছ ছবি তাই-ই বলছে।
সংগীতশিল্পী প্রীতম হাসানের সঙ্গে সম্প্রতি তার ১০ বছরের পথচলা শেষ হয়। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। খবরটি প্রকাশ্যে আসার পর তাদের ভক্ত-অনুরাগীদের মাঝে এখনও আলোচনা চলমান। এমন আবহের মাঝেই ঘুরতে দেখা গেল শেহতাজকে।

সে ছবিগুলোতে শেহতাজকে দেখা যায় এক বন্য পরিবেশে। ঘুরে ঘুরে বন্য পশুদের ছবি ফ্রেমবন্দি করার মাঝে নিজেকেও ফ্রেমবন্দি করেছেন। ছবি দেখে অনুমেয়, দেশের বাইরের কোনো ট্যুরিস্ট স্পটে অবস্থান করছেন শেহতাজ।
আরও পড়ুন
ছবিতে দেখা যায়, হাসি-খুশি মেজাজেই ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি; সেখানে তাকে বন্য প্রাকৃতিক রূপ উপভোগ করতে দেখা যায়।
ছবিগুলোর সাথে কোনো দীর্ঘ ক্যাপশন না দিলেও একটি উড়ন্ত পায়রার ইমোজি যুক্ত করেছেন। নেটিজেন ও ভক্তদের ধারণা, জীবন পরিবর্তনের এই কঠিন মুহূর্তে নিজেকে সামলে নিতে এবং নতুনভাবে খুঁজে পেতেই প্রকৃতির মাঝে এমন নির্জন অবকাশ যাপন বেছে নিয়েছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর রাতে সামাজিক মাধ্যমে যৌথ বিবৃতিতে নিজেদের বিচ্ছেদের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন প্রীতম ও শেহতাজ। পাঁচ বছর প্রেমের পর ২০২২ সালের অক্টোবরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। বিচ্ছেদের ঘোষণা দিয়ে দুজনই জানান, দীর্ঘ ১০ বছরের স্মৃতি ও অভিজ্ঞতার জন্য তারা একে অপরের প্রতি কৃতজ্ঞ এবং তাদের মাঝে পারস্পরিক সম্মান ও শুভকামনা সবসময় থাকবে।
ডিএ
