চট্টগ্রামের চন্দনাইশের কৃতিসন্তান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. মনজুর মোর্শেদ (৫৮) আর নেই। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, খিঁচুনিজনিত মস্তিষ্কের প্রদাহে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন, সহকর্মী, চিকিৎসক সমাজ ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ডা. মনজুর মোর্শেদ চন্দনাইশ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গাছবাড়িয়া এলাকার মরহুম আলহাজ্ব মফজল আহমদ তহসিলদার বাড়ির কৃতিসন্তান। তিনি মরহুম আলহাজ্ব মফজল আহমদ তহসিলদারের জ্যেষ্ঠ পুত্র। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ২৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
কর্মজীবনে তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে শিশু বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি শিশু বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর মৃত্যুতে চিকিৎসাসংশ্লিষ্ট সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়েছে।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই কন্যা, এক পুত্র, পাঁচ ভাই ও চার বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা ও দাফন
মরহুমের প্রথম জানাজা বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রাম নগরীর জাকির হোসেন রোডে অবস্থিত নাসিরাবাদ শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় জানাজা শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় চন্দনাইশের পশ্চিম গাছবাড়িয়ায় আলহাজ্ব মফজল আহমদ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সইবার শক্তি দান করুন। আমিন।
The post চট্টগ্রামের বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. মনজুর মোর্শেদ আর নেই appeared first on ভোরের চেতনা.
