পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরের রাজধানীর ভাটারা এলাকার বাসায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাতে পরিচালিত এই অভিযানে মাদকদ্রব্য ও আপত্তিকর বিভিন্ন সামগ্রীসহ ৮৪ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ হাউজিং-১ এ অবস্থিত ওই বাসাটিতে রাতভর ডিজে পার্টি ও মাদক বেচাকেনাসহ অনৈতিক কর্মকাণ্ডের খবর পেয়ে ডিবি পুলিশ সেখানে হানা দেয়। অভিযানে আটককৃতদের মধ্যে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষ রয়েছেন। এছাড়া আটক ব্যক্তিদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও রয়েছেন বলে জানা গেছে। সেখান থেকে ২৬ জন মহিলা ও ৫৮ জন পুরুষকে আটক করা হয়েছে। এছাড়া ইয়াবা খাওয়ার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, বাসাটি ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের মালিকানাধীন এবং তিনি এটি এয়ারবিএনবি প্ল্যাটফর্মের মাধ্যমে ভাড়া দিয়েছিলেন। অভিযানে বাসাটি থেকে ইয়াবা, গাঁজা, মদ এবং কনডমসহ ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা উত্তরা বিভাগের ডিসি ইলিয়াস কবির জানিয়েছেন, ওই বাসাটি একজন কোহোস্ট ও হোস্টের মাধ্যমে পরিচালিত হতো। ঘটনার প্রেক্ষিতে মাহবুবুল আলম নামে এক কোহোস্টকে আটক করা হয়েছে। জানা গেছে, বাসাটি ভাড়া দেওয়া হলেও এর থেকে উপার্জিত আয়ের ৭০ শতাংশ লভ্যাংশ নিতেন অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির। বর্তমান পরিস্থিতিতে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ পদক্ষেপ নেয়া হচ্ছে। জানা যায়, এয়ারবিএনবি হলো একটি অনলাইন মার্কেটপ্লেস বা প্ল্যাটফর্ম, যার মাধ্যমে বিশ্বজুড়ে মানুষ তাদের বাড়ি, অ্যাপার্টমেন্ট, ভিলা বা রুম স্বল্প ও দীর্ঘ সময়ের জন্য পর্যটক বা অতিথিদের কাছে ভাড়া দিতে পারেন এবং অতিথিরা বুকিং করতে পারেন।
The post অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবি অভিযান: মাদকসহ আটক ৮৪ appeared first on Daily Sangbad Chorcha.
