স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরি করতে নিজস্ব ইউটিউব চ্যানেল খুলেছেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু। ‘সালাহউদ্দিন লাভলু ড্রামাস’ নামের এই চ্যানেলে গত বৃহস্পতিবার থেকে নাটক প্রচার শুরু হয়েছে।
বর্তমান নাটকে ‘ভিউ’ ও ‘ভাইরাল’ হওয়ার ইঁদুরদৌড় ও মানসিক চাপ থেকে মুক্ত থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এই নির্মাতা। দর্শক এখনো তাঁর পুরোনো দিনের গ্রামীণ পটভূমির দর্শকপ্রিয় নাটকগুলোর মতো গল্প দেখতে চান, যা এতদিন বিভিন্ন সীমাবদ্ধতার কারণে করা হচ্ছিল না।
চ্যানেলটির প্রথম নিবেদন হিসেবে আসাদ সরকারের লেখা ‘হৃদয়পোড়া গন্ধ’ সিরিজের প্রথম পর্ব ‘অন্ধ মা’ প্রকাশ পেয়েছে। পরিকল্পনা অনুযায়ী, এখন থেকে প্রতি বৃহস্পতিবার এই সিরিজের নতুন পর্ব প্রচার হবে। নিজস্ব এই প্ল্যাটফর্মে লাভলু তাঁর চেনা নির্মাণশৈলীতে নতুন কী উপহার দেন, এখন সেটাই দেখার বিষয়।
