মৃত স্ত্রী ইকরার জন্মদিনে আবেগঘন স্মৃতিচারণ করেছেন অভিনেতা জাহের আলভী। প্রিয় মানুষটিকে হারানোর শূন্যতা, তাঁকে ঘিরে জমে থাকা অভিমান এবং সন্তান রিযিককে নিয়ে জীবনের পথে এগিয়ে চলার সংগ্রামের কথা উঠে এসেছে তাঁর দীর্ঘ ফেসবুক পোস্টে।
জন্মদিনে ইকরাকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ইকরার অনুপস্থিতি তাঁকে প্রতিনিয়ত ভাবায়। স্ত্রী বেঁচে থাকলে এই বিশেষ দিনে তিনজন মিলে কেক কেটে আনন্দ করার কথা ছিল। কিন্তু সেই মুহূর্ত এখন শুধুই স্মৃতি।
পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, ইকরা চলে গেলেও জীবন থেমে নেই। প্রতিদিনের কাজ, জীবিকার তাগিদে ছুটে চলা, গান শোনা, হাসি কিংবা শুটিং—সবকিছুই চলছে আগের মতো। সন্তান রিযিককে নিয়ে ভালো থাকার চেষ্টা করছেন তিনি। তবে স্বাভাবিক জীবনে ফিরে আসা মানেই প্রিয় মানুষটিকে ভুলে যাওয়া নয়, সেই কথাই যেন তাঁর লেখায় উঠে এসেছে।
স্ত্রীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের নানা মন্তব্য ও সমালোচনার কথাও উল্লেখ করেছেন তিনি। কেন তিনি স্বাভাবিক জীবনযাপন করছেন, কেন কাজ করছেন কিংবা সন্তানকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন—এমন প্রশ্নের মুখে পড়ার বিষয়টি তাঁকে কষ্ট দেয় বলে পোস্টে ইঙ্গিত দিয়েছেন।
ইকরাকে উদ্দেশ করে তিনি আরও লিখেছেন, নিজেদের বন্ধুত্ব তাঁর কাছে খুব প্রিয় ছিল। পরিবার ও সন্তানকে সামলে ইকরার রেখে যাওয়া আমানতকে সুন্দর জীবন দেওয়ার চেষ্টা করছেন তিনি। এ জন্য স্ত্রীর কাছে ক্ষমাও চেয়েছেন।
পোস্টের শেষাংশে ইকরার জন্য দোয়া ও ভালোবাসা প্রকাশ করে তিনি জানান, নামাজের মোনাজাতে স্ত্রী সব সময় তাঁর স্মরণে থাকেন। জন্মদিন উপলক্ষে অনেকেই ইকরার নামে কোরআন তিলাওয়াত করবেন এবং তাঁর জন্য দোয়া করবেন বলেও উল্লেখ করেন তিনি।
প্রিয় মানুষকে হারানোর বেদনা আর স্মৃতিকে সঙ্গে নিয়েই সন্তানকে নিয়ে এগিয়ে চলার প্রত্যয় জানিয়েছেন অভিনেতা জাহের আলভী।
