শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।
বিষয়টি নিশ্চিত করে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
এর আগে, বুধবার বিকেলে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ হয়। হামলায় জামায়াত নেতা রেজাউল করিম মারা যান।
এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে রাতেই ফেসবুকে পোস্ট করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি লিখেছেন, বিএনপির সমর্থকরা দেশীয় অস্ত্র দিয়ে জামায়াত সমর্থকদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এতে জামায়াতের ৫০ জনের অধিক সমর্থক আহত হন। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হলে হাসপাতালে নেওয়ার পথে মাওলানা রেজাউল করিম শাহাদাতবরণ করেন।
তিনি আরও লিখেছেন, এ ব্যাপারে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকা জনগণ দেখতে চায়। তারা কেমন নির্বাচন জাতিকে উপহার দেয়। আর যারা এই খুনের নেশায় মত্ত হয়েছে, এদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। আমরা চাই দ্রুত এদের পাকড়াও করা হোক। কোনো ধরনের গড়িমসি জাতি বরদাশত করবে না।
