তিন বছর আগে জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে নতুন মুখ নাজনীন নীহাকে নিয়ে প্রথম নাটক নির্মাণ করেন পরিচালক জাকারিয়া সৌখিন। ‘মনদুয়ারি’ নামের সেই নাটকই নীহার ভাগ্য বদলে দেয়। এরপর ‘মেঘবালিকা’ ও ‘মায়া পাখি’ নাটকেও একসঙ্গে অভিনয় করেন তাঁরা। দর্শকদের মধ্যে আলোচনায় আসে তাঁদের প্রতিটি কাজ।
দীর্ঘ বিরতির পর আবারও নতুন নাটক নিয়ে ফিরেছে অপূর্ব–নীহা জুটি। গত শুক্রবার ইউটিউবের সিএমভি চ্যানেলে মুক্তি পেয়েছে তাঁদের অভিনীত ‘ভালো আছো তো’। প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই নাটকটি দেখেছেন ৫০ লাখ দর্শক। দুই দিনে এর ভিউ ৮০ লাখ ছাড়িয়ে গেছে।
পরিচালক জাকারিয়া সৌখিন শনিবার বলেন, ‘শুরু থেকেই নতুন এ জুটিকে নিয়ে আলাদা কিছু করার পরিকল্পনা করেছিলাম। সেই ধারাবাহিকতা এখনো বজায় রাখার চেষ্টা করেছি। যে কারণে প্রতিটি নাটকের গল্প, উপস্থাপনায় নতুনত্ব রাখার চেষ্টা করেছি। দর্শক যেন না বলেন, একই রকম লাগছে, সেই জায়গা থেকে সাবধান হতে হয়েছে।’
নতুন নাটকটির গল্পে নবনীতা শিশুদের একটি স্কুলের শিক্ষক। একদিন স্কুল থেকে বেরিয়ে রাস্তার পাশে একটি গাড়ি থামিয়ে এক ব্যক্তিকে চা পান করতে দেখে সে। দুজন পরস্পরের দিকে বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। একপর্যায়ে রাগী অভিব্যক্তি নিয়ে অন্য পথে হাঁটতে শুরু করে মেয়েটি। ছেলেটি পেছন থেকে ‘নবনীতা’ বলে ডাকতে ডাকতে তার পিছু নেয়। একসময় নবনীতার গলা চেপে ধরে সে। এভাবেই শুরু হয় ‘ভালো আছো তো’ নাটকের গল্প। নবনীতা ও ছেলেটির চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নীহা ও অপূর্ব।
জাকারিয়া সৌখিনের পরিচালনায় এই জুটির চতুর্থ নাটকটিও মুক্তির পর দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। দর্শকদের এমন সাড়া পাওয়ার বিষয়ে পরিচালক বলেন, ‘আমি সব সময়ই আমার মতো করে গল্পটা বলতে চাই। সেখানে দর্শকদের কথাও মাথায় রাখতে হয়। আমাদের দর্শকেরা একটু সহজ–সরল। তাঁরা দেখতেও চান সহজ–সরল গল্প। সেই গল্পই সহজ–সরলভাবে বলতে চাই। অপূর্ব–নীহার এই রসায়নই হয়তো এ জুটিকে পছন্দের কারণ।’
পরিচিত জুটিকে নিয়ে কাজ করে সফলতা পাওয়া যেমন সহজ, তেমনি এর মধ্যে চ্যালেঞ্জও রয়েছে। আগের নাটকের ভিউ ছাড়িয়ে যেতে না পারলেও বিভিন্ন নাটকবিষয়ক দলে এ নিয়ে সাফল্য ও ব্যর্থতার আলোচনা হয়। বিষয়টি সম্পর্কে সচেতন পরিচালকও।
জাকারিয়া সৌখিন বলেন, ‘সব সময় আগেরটাকে টপকে যাওয়ার চেষ্টা থাকে। এই চ্যালেঞ্জ আমি ও অপূর্ব নিতেও পছন্দ করি।’
এদিকে, জাকারিয়া সৌখিনের পরিচালনায় অপূর্ব ও নীহার পঞ্চম নাটক ‘দূরের মানুষ’ প্রচারের অপেক্ষায় রয়েছে।
এমএ
