নারায়ণগঞ্জের রূপগঞ্জে কমিটি গঠন নিয়ে তর্কের জেরে এক স্কুলশিক্ষিকাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবজাল মোল্লাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাতে তাকে এ নোটিশ দেওয়া হয়।
কালনী হিড়নাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা একরামুনন্নেছা বিউটিকে লাঞ্ছিত করার ভিডিও এনটিভি অনলাইনে সরাসরি সম্প্রচারিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে দাউদপুর ইউনিয়ন বিএনপি অভিযুক্ত নেতার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়।
দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোকজ নোটিশের কথা জানানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, এনটিভি অনলাইনের সরাসরি প্রতিবেদনের মাধ্যমে শিক্ষিকাকে লাঞ্ছিত করার বিষয়টি তাদের নজরে আসে। পরে স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পরামর্শ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আবজাল মোল্লাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
নোটিশে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টার মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।
