
মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি নেতার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান
‘ধর্ম যার যার, নিরাপত্তা সবার’—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবে আহবায়ক ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ব্যক্তিগত তহবিল থেকে পূজামণ্ডপগুলোতে আর্থিক সহায়তা প্রদান করেন।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তেঁতুলিয়া, ভারশোঁ, কুসুম্বা ও প্রসাদপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
আজ মঙ্গলবার মান্দা সদর ইউনিয়ন,গণেশপুর,নূরুল্যাবাদসহ অন্যান্য ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন বলে জানিযেছেন তিনি।
এ সময় এম এ মতীন বলেন, ‘বিএনপি সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের অধিকার, নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এটাই আমাদের রাজনৈতিক দর্শন।’
তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশি জাতীয়তাবাদের মূল ভিত্তি হচ্ছে দেশের মানুষের অধিকার ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা। সবার আগে বাংলাদেশ—এই আদর্শ নিয়েই বিএনপি রাজনীতি করে আসছে। একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
বিগত সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘গত ১৭ বছরে হিন্দু সম্প্রদায়ের মানুষ বিভিন্নভাবে নির্যাতন, জমি দখল ও নিরাপত্তাহীনতার শিকার হয়েছেন। বিএনপির নেতাকর্মীরা সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করেছেন। অনেক নেতাকর্মী সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় কথা বলতে গিয়ে হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন।’
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কেউ যেন আতঙ্কিত না হন, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। প্রত্যেক নাগরিকের নিরাপদে ও নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
পূজামণ্ডপ পরিদর্শনকালে এম এ মতীন আয়োজক কমিটির সদস্য ও ভক্তদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন। পরে তিনি ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মণ্ডপে নগদ অর্থ সহায়তা দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন মান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম নাজমুল হক নাজু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ও নওগাঁ জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নূরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ডি.এম আব্দুল মালেক,সাদেকুল ইসলাম, অ্যাডভোকেট মিজানুর রহমান, সিদ্দিক হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সহসভাপতি আব্দুল হালিম দুলাল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ কুমার, পরানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,মান্দা সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান শাহানা, প্রসাদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এরশাদ আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পূজা উদযাপন কমিটির সদস্যরা।
স্থানীয় পূজা উদযাপন কমিটির এক সদস্য বলেন, ‘প্রতিবছরই বিএনপির নেতারা পূজার সময় আমাদের খোঁজখবর নেন। এবারও তারা মণ্ডপে এসে শুভেচ্ছা জানিয়েছেন এবং আর্থিক সহায়তা দিয়েছেন। এতে আমরা আনন্দিত।’
পূজা উদযাপন কমিটির নেতারা শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
