মাগুরায় যুবদল নেতা সাকের হোসেন হত্যার আসামিদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। অজ্ঞাতনামা আসামিদের নামে হত্যা মামলা রুজু, জড়িত সন্দেহে নারীসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সরকারি কলেজের সামনে থেকে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চৌরঙ্গী হয়ে শহর প্রদক্ষিণ করে পুরাতন বাজার এলাকায় সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান খান পিকুল, বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, বিএনপি নেতা কুতুবুদ্দিন, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম জাহিদ প্রমুখ। বক্তারা অবিলম্বে প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, গত বুধবার রাত পৌনে ১২টার দিকে মাগুরা সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের উল্লেখ করে নিহত শাকেরের স্ত্রী শারমিন নাহার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে গত বুধবার রাতেই শামীমা তাবাসসুম নামে এক নারী এবং রনি সিকদার নামে দুজনকে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশের একাধিক টিম শাকের হত্যাকাণ্ড উদঘাটনে পলিটিক্যাল টার্গেট কিলিং, পরকীয়া, স্বর্ণের চোরাচালান এবং জমি দখলসহ বেশ কয়েকটি দিক নিয়ে তথ্য যাচাই-বাছাই চলছে। অচিরেই প্রকৃত কারণ উদঘাটিত হবে।
উল্লেখ্য, মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাকের হোসেনকে মাগুরা বাস টার্মিনালের রয়েল পরিবহনের কাউন্টারে গত বুধবার ভোর ৫টার দিকে মাথায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
ময়নাতদন্তে তার মাথার মধ্য থেকে রিভলবারের গুলি বের করা হয় ।
