জয়পুরহাটের কালাইয়ে যৌথ মাদকবিরোধী অভিযানে তিন পুরুষ ও এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১৮০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০২টি কুপিজেসিক ইনজেকশন, দুটি স্মার্টফোন ও নগদ ১৩ হাজার ১০ টাকা জব্দ করা হয়। জব্দ করা মালামালের মোট মূল্য ১ লাখ ৫৭ হাজার ৬১০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে কালাই উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রাম এলাকার একটি পুকুরপাড়ে এ অভিযান চালানো হয়। জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), স্থানীয় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে অভিযানটি পরিচালনা করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় নির্ভরযোগ্য সূত্রের তথ্য এবং জেলা আইন-শৃঙ্খলা কোর কমিটির মাসিক সভায় আলোচিত মাদক কারবারিদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন কালাই উপজেলার পাঁচগ্রাম গ্রামের দেলোয়ার হোসেন (৩৫) ও ছানোয়ার হোসেন (৩২) এবং দেওগ্রাম গ্রামের আঞ্জমান (৩২)। এ ছাড়া আফিয়া ফেরদৌসী মিম (২৫) নামে এক নারীকে আটক করা হয়েছে।
বিজিবির তথ্য অনুযায়ী, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা বা এজাহার রয়েছে। তাঁর নামে একটি গ্রেপ্তারি পরোয়ানা থাকার তথ্যের সত্যতাও পাওয়া গেছে। ছানোয়ার হোসেনের বিরুদ্ধে দুটি মামলা বা এজাহার রয়েছে। তাঁকে এর আগে একবার গ্রেপ্তার করা হয়েছিল বলেও জানিয়েছে বিজিবি।
অভিযানে ভারতীয় ১৮০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ৫৪ হাজার টাকা; ১০২টি ভারতীয় কুপিজেসিক ইনজেকশন, যার মূল্য ৩০ হাজার ৬০০ টাকা; ৬০ হাজার টাকা মূল্যের দুটি স্মার্টফোন এবং নগদ ১৩ হাজার ১০ টাকা জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক নারীকে শুক্রবার ভোরে কালাই থানায় হস্তান্তর করা হয়েছে। আটক তিন পুরুষ এবং জব্দ করা মাদকদ্রব্যসহ অন্যান্য মালামাল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানিয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বাহিনীটি।
এমএ
