Published on
:
1 min read
সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ। মুর্শিদাবাদের নবগ্রামে ধৃত সাগরদিঘির যুবক। ধৃতের নাম তরুণ দাস। অভিযোগ, তিনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পরিচয় দিয়ে ঘুরে বেড়াতেন। তিনি দাবি করতেন, তিনি মিলিটারি ইন্টেলিজেন্সের পদস্থ কর্তা। এমনকী বিশ্বাসযোগ্যতা বাড়াতে পরতেন সেনার পোশাকও। ব্যবহার করতেন ভুয়ো পরিচয়পত্র। অবশেষে পর্দা ফাঁস হলো।
আরও গুরুতর অভিযোগ, নিজেকে সেনার সদস্য হিসেবে পরিচয় তো দিতেনই, পাশাপাশি সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকাও নিতেন। তবে শেষ পর্যন্ত কলকাতার আর্মি ইন্টেলিজেন্স ও নবগ্রাম থানার পুলিশের যৌথ অভিযানে ধরা পড়লেন মুর্শিদাবাদের সাগরদিঘির বাসিন্দা তরুণ দাস।
এক নজরে
সেনা কর্নেল পরিচয় দিয়ে প্রতারণা। ধৃতের নাম তরুণ দাস। তিনি মুর্শিদাবাদের সাগরদিঘির বাসিন্দা।
মুর্শিদাবাদের নবগ্রামে যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নিজেকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ও মিলিটারি ইন্টেলিজেন্সের পদস্থ কর্তা বলে পরিচয় দিতেন বলে অভিযোগ।
বিশ্বাসযোগ্যতা বাড়াতে সেনার পোশাক ও ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করতেন বলে অভিযোগ।
সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই ওই ভুয়ো কর্নেলের গতিবিধির উপরে নজর রাখছিল কলকাতা আর্মি ইন্টেলিজেন্স। নির্দিষ্ট সূত্রে খবর পাওয়ার পরে নবগ্রাম থানার পুলিশের সঙ্গে যৌথ ভাবে অভিযান চালানো হয়। রবিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।