বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরের গুরুদাসপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং অগ্নিনির্বাপণবিষয়ক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ। সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা মাহাবুর রহমান।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম ও প্রভাষক মাহমুদুজ্জামান সোহাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, যেকোনো দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পূর্বাভাস অনুসরণ, সতর্কতা এবং সময়োপযোগী প্রস্তুতির বিকল্প নেই। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিয়ে দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলার তাগিদ দেন তিনি।
আলোচনা সভা শেষে গুরুদাসপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল জরুরি মুহূর্তে রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে সৃষ্ট আগুন দ্রুত নিয়ন্ত্রণ এবং অগ্নিনির্বাপণের বিভিন্ন কৌশল মহড়ার মাধ্যমে প্রদর্শন করে।
জেএইচআর
