আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ও জনসেবামূলক পরিকল্পনা গ্রহণ করেছে এসআরবি-১০। হিন্দু ধর্মাবলম্বী নাগরিকসহ দেশের সকল মানুষকে শুভেচ্ছা জানিয়ে সংস্থাটি জানিয়েছে, উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের প্রতিটি সদস্য সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করে যাচ্ছে।
এরই অংশ হিসেবে গত ১৬ অক্টোবর রাত ৭টায় এসআরবি-১০ এর অধিনায়ক ও অ্যাডিশনাল ডিআইজি মোহাঃ আসাদুজ্জামান রাজধানীর ঐতিহাসিক রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপ ও ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মতবিনিময় করেন।
এসআরবি-১০ এর দায়িত্বপূর্ণ এলাকার প্রায় ১৮৪১টি পূজামণ্ডপ ও আশপাশের সুরক্ষায় একটি বিস্তৃত পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। নিরাপত্তার চাদরে ঢাকতে নিয়োজিত রয়েছে ১৫টি পিকআপ পেট্রোল, ২৮টি মোটরসাইকেল টহল এবং সাদা পোশাকের বিশেষ টিম। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে প্রশিক্ষিত কমান্ডো দল, বোম ডিসপোজাল ইউনিট ও ড্রোন টিম।
নিরাপত্তার পাশাপাশি পূজামণ্ডপে আগত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী দর্শনার্থীদের সহায়তায় বিশেষ হেল্প ডেস্ক এবং জরুরি সেবা চালু করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের গুজব বা উসকানি প্রতিরোধে সক্রিয় রয়েছে এসআরবি-১০ এর সাইবার মনিটরিং সেল। ট্রাফিক ব্যবস্থাপনা ও নৌ-টহলের মাধ্যমে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন পর্যন্ত এই কঠোর নিরাপত্তা বলয় বজায় থাকবে বলে জানানো হয়েছে।
