চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৫৬৬ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। ননস্টিক প্যান, সবজি ব্লেন্ডার ও বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে এসব সোনা নিয়ে আসা হয়।
আজ রোববার সকাল সাড়ে ছয়টার দিকে এসব সোনা উদ্ধার হয়। এ ঘটনায় গ্রেপ্তার যাত্রীর নাম মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা। তাঁর বিরুদ্ধে নগরের পতেঙ্গা থানায় মামলা হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রী ছিলেন মোহাম্মদ কামরুল ইসলাম। কাস্টমস হলে তল্লাশির সময় তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হয়। এরপর বিমানবন্দরে দায়িত্বরত ডিজিএফআই, এনএসআই এবং কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ তত্ত্বাবধানে ওই যাত্রীর ব্যাগেজের ভেতরে থাকা ননস্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডিংয়ের যন্ত্র এবং বাসন রাখার স্ট্যান্ডে তল্লাশি করা হয়। এসবের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখায় ৪৬৬ গ্রাম ওজনের চারটি সোনার দণ্ড এবং যাত্রীর কাছে ১০০ গ্রাম ওজনের সোনার চুড়ি পাওয়া যায়। উদ্ধার হওয়া ৫৬৬ গ্রাম সোনার দাম আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা।
বিমানবন্দরের জনসংযোগ শাখার বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা সোনা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। চোরাচালান আইনে মামলা করা হয়েছে ওই যাত্রীর বিরুদ্ধে। তাঁকে পতেঙ্গা থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান।
