বার্সেলোনা রীতিমতো উড়ছিল। চ্যাম্পিয়নস লিগ, লা লিগা—সব জায়গাতেই ছিল বার্সার জয়জয়কার। কিন্তু টানা ১১ ম্যাচজয়ী বার্সার সামনে বাদ সাধল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নরা গত রাতে হেসেখেলে হারাল বার্সাকে।
পার্ক দে প্রিন্সেসে গত রাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যাচে বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়েছে পিএসজি। স্কোরলাইন দেখে ম্যাচটা সহজ মনে হলেও আসলে তেমন ছিল না। বার্সা বল দখলে রাখে ৫৪ শতাংশ। ৪৬ শতাংশ বল দখলে ছিল পিএসজির। কিন্তু বার্সা প্রত্যেকবার প্রতিপক্ষের রক্ষণদুর্গে এসে বল হারিয়েছে। এমনকি পিএসজির ডিফেন্ডাররাও সফরকারীদের আক্রমণ দারুণভাবে প্রতিহত করেছেন।
৪-২ গোলে হারলেও বার্সেলোনা কোচ হ্যানসি ফ্লিকের মতে এটা অসাধারণ এক ম্যাচ। একই সঙ্গে নিজেদের দায়ও স্বীকার করেছেন। বার্সা কোচ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার মতে দুই দলের জন্যই এটা অসাধারণ এক ম্যাচ ছিল। আমরা অনেক বেশি ভুল করেছি, বিশেষ করে বল দখলে রাখার ক্ষেত্রে। সহজ পাসেও আমরা বারবার বল হারিয়েছি।’
৩৮ মিনিটে ম্যাচে প্রথম গোল করেন পিএসজি ফরোয়ার্ড দেজিরে দুয়ে। প্রথমার্ধ প্যারিসিয়ানরা ১-০ গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে আক্রমণ-প্রতি আক্রমণে খেলা জমে ওঠে। দুই দফা সমতায় ফেরে বার্সা। যার মধ্যে ৫৫ মিনিটে জাভি এসপার্ট প্রথম দফায় কাতালানদের সমতায় ফেরান। এরপর ৭৯ মিনিটে পিএসজির ডিফেন্ডারদের কাটিয়ে বাঁ পায়ের জাদুকরী শটে ২-২ সমতা করেন লামিনে ইয়ামাল।
২-২ সমতায় থাকার পর পিএসজি শেষভাগে আরও দুই গোল করেছে। ৮১ মিনিটে ভিতিনিয়ার পর তাঁর সতীর্থ ফাবিয়ান রুইস ৮৬ মিনিটে দলের চতুর্থ গোল করেন। ভুল থেকে শিক্ষা নিয়ে সেটা কাজে লাগাতে হবে বলে মনে করেন ফ্লিক। পিএসজি ম্যাচের পর বার্সা কোচ বলেন, ‘কোথায় কোথায় ভুল হয়েছে, সেটা আমাদের বিশ্লেষণ করতে হবে। তবে অনেক ভালো দিকও দেখেছি। এটা আমাদের জন্য দারুণ এক পরীক্ষা মনে করি। কোন কোন ক্ষেত্রে আমাদের উন্নতি করতে হবে, সেটা আপনারা দেখেছেন। আমরা সেগুলো নিয়েই কাজ করব।’
সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ১১ ম্যাচ জিতেছিল বার্সেলোনা। গত রাতে ২০২৬-২৭ মৌসুমের ১২তম ম্যাচে এসেই হার মানল কাতালানরা। এরই মধ্যে চলতি মৌসুমে তারা গোলের ফিফটি পূর্ণ করেছে। ১২ ম্যাচে বার্সার গোল ৫০। গড়ে চার বা তার বেশি গোল করেছে কাতালানরা।
