মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি খাল দখল করে নির্মাণ করা একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার শরীফপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, শরীফপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় সরকারি খালের ওপর আব্দুল আহাদ মিয়া একটি ভবন নির্মাণ করেছিলেন। সরকারি খাল ও জলপ্রবাহের জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করায় পানি চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা ছিল।
পরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে খালের ওপর নির্মিত ওই অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন, সরকারি খাল অবৈধভাবে দখলের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি খাল, জলাশয় ও জলপ্রবাহের জায়গা দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
