তৃতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়ে বেশি লোকসান এবং নগদ অর্থ ব্যয় দ্বিগুণ হওয়ায় সুইডিশ গাড়ি নির্মাতা ভলভো কারসের শেয়ারের দর এক দিনেই ২৪ শতাংশ কমেছে। একই সঙ্গে ব্যয় কমানোর পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বজুড়ে আরও ২ হাজার ৫০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে সুইডেনে প্রায় ২ হাজার এবং অন্যান্য দেশে ৫০০ কর্মী চাকরি হারাবেন। শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশিত তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফলের পর কোম্পানিটির শেয়ারদর রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ভলভোর সমন্বিত পরিচালন লোকসান হয়েছে ৩৭০ কোটি সুইডিশ ক্রোনা, যা প্রায় ৩৭ কোটি ৩০ লাখ ডলারের সমান। অথচ এক বছর আগে একই সময়ে প্রতিষ্ঠানটি ৫৮০ কোটি ক্রোনা মুনাফা করেছিল। বিশ্লেষকদের পূর্বাভাসেও লোকসানের পরিমাণ এত বেশি হওয়ার কথা ছিল না। এ সময়ে কোম্পানিটির নগদ অর্থ ব্যয়ের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮৯০ কোটি ক্রোনায়, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় দ্বিগুণ।
কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা হাকান স্যামুয়েলসন বলেন, “২০২৬ সালের তৃতীয় প্রান্তিক ছিল অত্যন্ত হতাশাজনক এবং এটি এমন একটি বছরের প্রতিফলন, যা প্রাথমিক প্রত্যাশার চেয়ে অনেক বেশি কঠিন হয়ে উঠেছে। তাই আমাদের চলমান ঘুরে দাঁড়ানোর পরিকল্পনায় আরও জোরালো পদক্ষেপ নেওয়া প্রয়োজন।” তিনি জানান, কর্মী ছাঁটাইয়ের কাজ ২০২৭ সালের মাঝামাঝি শেষ করার লক্ষ্য রয়েছে। তবে ভবিষ্যতে আরও পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। ভলভো জানিয়েছে, পরামর্শক চুক্তি বাতিল, স্বাভাবিকভাবে কর্মীসংখ্যা কমে আসা এবং নির্দিষ্ট কর্মীদের জন্য চাকরি ছাড়ার সুযোগ দেওয়ার মাধ্যমে নতুন ছাঁটাই কার্যকর করা হবে। এতে কোম্পানির মোট কর্মীর প্রায় ৬ শতাংশ প্রভাবিত হবেন। এর আগে প্রতিষ্ঠানটি আরও ৩ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল। পাশাপাশি আগামী বছরের শেষ নাগাদ পরোক্ষ ব্যয় ও পরিবর্তনশীল খরচ থেকে অতিরিক্ত ৫০০ কোটি ক্রোনা সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করেছে তারা।
চীনা প্রতিষ্ঠান গিলির সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন ভলভো বৈদ্যুতিক গাড়ির অনিশ্চিত চাহিদা, শুল্কের চাপ এবং চীনের কঠিন বাজার পরিস্থিতির কারণে সংকটে পড়েছে। ইউরোপের গাড়ি নির্মাতারাও দুর্বল চাহিদা, চীনা প্রতিদ্বন্দ্বীদের তীব্র প্রতিযোগিতা এবং কারখানার অতিরিক্ত উৎপাদন সক্ষমতার কারণে চাপের মুখে রয়েছে। বড় প্রতিদ্বন্দ্বী ফক্সভাগেনও সর্বোচ্চ ১ লাখ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে এবং কয়েকটি কারখানা বন্ধের বিষয় বিবেচনা করছে। ভলভোর সংকট মোকাবেলায় স্যামুয়েলসন ২০২৫ সালে অবসর থেকে ফিরে প্রধান নির্বাহীর দায়িত্ব নেন। ব্যয় সংকোচন, আঞ্চলিক বাজারভিত্তিক কার্যক্রম এবং গিলির সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। কোম্পানিটির মোট মুনাফার হারও এক বছরের ব্যবধানে ২০ দশমিক ৪ শতাংশ থেকে কমে ১৪ দশমিক ৭ শতাংশে নেমেছে।
প্রতিষ্ঠানটির ঘুরে দাঁড়ানোর পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল নতুন বৈদ্যুতিক এসইউভি ইএক্স৬০-এর। তবে ব্যাটারি সংযোজনের সমস্যায় গাড়িটির উৎপাদন পিছিয়ে গেছে। চলতি বছরে ৪০ হাজার গাড়ি তৈরির পরিকল্পনা থাকলেও এখন পর্যন্ত প্রায় ৫ হাজার ইউনিট তৈরি হয়েছে। এ মাসের শুরুতে ভলভো পুরো বছরের বিক্রির পরিমাণ ও নগদ অর্থ প্রবাহ নিয়ে পূর্বাভাসও প্রত্যাহার করে নেয়। চীনের বাজারে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে মূল্যযুদ্ধে না জড়িয়ে মুনাফার হার রক্ষাকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এ কারণে তৃতীয় প্রান্তিকে তাদের আয় প্রায় ৫০ শতাংশ কমেছে। আগামী বছর স্যামুয়েলসনের স্থলাভিষিক্ত হবেন স্কোডার সাবেক প্রধান ক্লাউস জেলমার। বিশ্লেষকদের মতে, ভলভোর সংকট কাটিয়ে ওঠার দায়িত্ব তাঁর জন্য আরও কঠিন হয়ে উঠেছে। কোম্পানিটি দশকের শেষ নাগাদ ১৩টি নতুন গাড়ি বাজারে আনার পরিকল্পনা করছে, যার মধ্যে ছয়টি চীনের বাজারের জন্য তৈরি হবে। স্যামুয়েলসনের আশা, এসব নতুন মডেল বাজারে আসার আগে চীনে কোম্পানির কার্যক্রমে উল্লেখযোগ্য উন্নতি হবে না।
স্যামুয়েলসন স্বীকার করেছেন, চীনে উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম আরও আগে স্থানীয় বাজারের উপযোগী করা প্রয়োজন ছিল। একইভাবে যুক্তরাষ্ট্রে শুল্কের প্রভাব মোকাবেলায় স্থানীয় উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তাও আগে উপলব্ধি করা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
