শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাড়তি সময় খোলা রাখার সুযোগ শেষ হওয়ায় আজ শুক্রবার (২৩ অক্টোবর) থেকে রাত ৮টায় বন্ধ হবে শপিং মল, মার্কেট ও দোকানপাট। আগের নিয়ম অনুযায়ী, বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। এতে দোকানপাট বন্ধের সময় দুই ঘণ্টা কমছে।
গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ায় শুক্রবার থেকে আগের সময়সূচি কার্যকর হচ্ছে।
চলতি বছর বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি ব্যবস্থাপনার অংশ হিসেবে কয়েক দফায় দোকানপাট খোলা রাখার সময় পরিবর্তন করেছে সরকার। জ্বালানিসংকটের প্রেক্ষাপটে এপ্রিলের শুরুতে শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্যবসায়ীদের দাবির মুখে সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়।
কোরবানির ঈদ সামনে রেখে ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়। পরে জুনে বন্ধের সময় রাত ৯টা নির্ধারণ করা হয়। এরপর ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের কথা বিবেচনা করে দোকানপাট বন্ধের সময় আরও এক ঘণ্টা এগিয়ে রাত ৮টা করা হয়।
সর্বশেষ দুর্গাপূজা উপলক্ষে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হলেও সেই সুবিধার মেয়াদ শেষ হওয়ায় এখন থেকে আবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও মার্কেট খোলা থাকবে।
এমএম/
