বরেন্দ্র অঞ্চলের সেচব্যবস্থা আধুনিকায়ন ও জ্বালানি ব্যয় কমাতে প্রায় ১৭ হাজার সেচযন্ত্রে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)।
এ উদ্যোগের আওতায় উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ, অনলাইনে সেচের বিল পরিশোধে ক্যাশলেস ব্যবস্থা চালু এবং স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কেন্দ্রীয়ভাবে সেচযন্ত্র পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এসব পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা যাচাইয়ে শনিবার (১৭ অক্টোবর) রাজশাহীতে বিএমডিএর সদর দপ্তরের সম্মেলনকক্ষে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশ নেন।
সভায় নেট মিটারিং প্রযুক্তির মাধ্যমে সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ, মোবাইল ফোনে সেচের বিল পরিশোধ এবং বিএমডিএর সদর দপ্তর থেকে সেচযন্ত্রের কার্যক্রম, বিদ্যুৎ ব্যবহার ও আর্থিক লেনদেন পর্যবেক্ষণের নানা দিক নিয়ে আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএর নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান। তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষি ও সেচব্যবস্থার উন্নয়নে কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নতুন প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে কৃষকেরা কতটা উপকৃত হবেন এবং সেচ খরচ কমবে কি না, তা বিবেচনায় নিতে হবে। কৃষকের কল্যাণ নিশ্চিত না করে কোনো প্রযুক্তি বাস্তবায়ন করা বিএমডিএর উদ্দেশ্য নয়।
সভায় চীনের উইলফার ইনফরমেশন টেকনোলজি কোম্পানি লিমিটেডের প্রতিনিধি ঝাং ঝেনহুয়া ও উইলিয়াম লু, ঝেজিয়াং কিবিন টেকনোলজি কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সানাকোশ অ্যাসোসিয়েটস লিমিটেডের চেয়ারম্যান ও সিইও প্রকৌশলী মো. শহীদ উল্লাহসহ বিএমডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
জেএইচআর
