সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক করা এবং এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় খাগড়াছড়ি রিজিওনের হল রুমে অনুষ্ঠিত সভায় সড়ক অবরোধের কারণে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের দুর্ভোগ এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় সেনাবাহিনী, পুলিশ, বেসামরিক প্রশাসন, গোয়েন্দা সংস্থা, পার্বত্য জেলা পরিষদ, সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি, বাস-ট্রাক ও রেস্তোরাঁ মালিক সমিতির প্রতিনিধি এবং পর্যটন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বলা হয়, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর বাধার কারণে সাজেক সড়ক বন্ধ থাকায় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পর্যটকরা ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘদিনের এ অচলাবস্থায় স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, যা সাম্প্রদায়িক সংঘাতের পরিস্থিতি তৈরি করতে পারে বলে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।
সভায় সংকট নিরসনে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের মাধ্যমে সড়ক অবরোধকারীদের প্রতিনিধিদের সঙ্গে ধাপে ধাপে আলোচনার প্রস্তাব করা হয়।
এছাড়া পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার নিরাপত্তা বাহিনী, জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের যৌথ মধ্যস্থতাকারী দল গঠনের প্রস্তাব দেওয়া হয়। এ দলের নেতৃত্বে সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়াকে রাখতে সভায় প্রস্তাব করা হয়েছে।
সাজেক সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন করে সাধারণ মানুষকে জিম্মি করা এবং অবরোধে প্রকাশ্যে মদদ দেওয়ার অভিযোগে কার্বারী অ্যাসোসিয়েশনকে জবাবদিহিতার আওতায় আনার বিষয়েও সভায় আলোচনা হয়।
সভা শেষে জনদুর্ভোগ নিরসন, এলাকার সার্বিক নিরাপত্তা বজায় রাখা এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
মোহাম্মদ শাহজাহান/এমটিআই
