
ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম
সরকারি তিতুমীর কলেজে ছাত্রশিবিরের পূর্বনির্ধারিত নবীনবরণ অনুষ্ঠান বন্ধের নোটিশ জারির পেছনে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে সংঘাত তৈরির উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, হঠাৎ করে অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্তের মাধ্যমে এ ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে ছাত্রশিবিরের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রায় ১৬০০ শিক্ষার্থী অংশ নেন বলে সূত্র জানিয়েছে।
জাহিদুল ইসলাম বলেন, ‘তাহলে এত সুন্দর একটা আয়োজন, যেখানে অর্থনৈতিক খরচ হয়েছে, পরিবেশ সমৃদ্ধতা আছে, আর কথা নাই, বার্তা নাই, হুট করে রাতারাতি একটা নোটিশ জারি করে দিল, এখানে পূজা হবে। এখানে কি কোনো পূজার আয়োজন আসলে ছিল? দেখো, হিন্দু ভাইদের সঙ্গে কিভাবে একটা কনফ্লিক্ট তৈরি করে দেওয়া হয়?’
তিনি আরও বলেন, ‘আমাদের বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি খুব চমৎকারভাবে হয়েছে। এখানে হাজার হাজার পূজা হয়, কিন্তু কখনো কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় না। আমরা জুলাই-পরবর্তী বাংলাদেশে এই ধরনের কনফ্লিক্ট চাই না।’
রাষ্ট্র সংস্কার ও নিয়োগব্যবস্থা নিয়ে বক্তব্যে ছাত্রশিবিরের সাবেক এই সভাপতি বলেন, শিক্ষার্থীদের যোগ্যতা, দক্ষতা ও সম্ভাবনা চিহ্নিত করে রাষ্ট্রের কাজে লাগানো সরকারের দায়িত্ব। কিন্তু রাষ্ট্র সেই দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। নিয়োগের ক্ষেত্রে দলীয় পরিচয়ের পরিবর্তে যোগ্যতা ও দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জিয়ার আদর্শ তো ইনসাফের আদর্শ। জিয়া সঠিক ব্যক্তিকে বাছাই করে সঠিক জায়গায় পদায়ন করেছেন। আর আপনারা এখানে স্পষ্ট বলতেছেন যে, আমরা ক্ষমতায় আসছি, আমাদের দলীয় লোককে প্রত্যেক জায়গায় পদায়ন করার জন্য।’
ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে জাহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগের শাসনামলে নির্যাতনের শিকার হওয়ায় তাদের প্রতি ভালোবাসা রয়েছে। তবে জুলাই-পরবর্তী সময়ে ছাত্ররাজনীতির নামে দখলদারত্ব, টেন্ডারবাজি ও চাঁদাবাজি চালিয়ে যাওয়া মেনে নেওয়া হবে না। তিনি বলেন, ‘আপনারা যদি ছাত্ররাজনীতি করতে চান ভাই, তো এটাকে আমরা ভালোবাসি না। ছাত্ররাজনীতির নামে দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারত্ব—এই কাজগুলো করে যাবেন, এটা আমরা মেনে নিতে পারি না।’
ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা যেন নিজেদের মেধার স্বাক্ষর রাখতে পারেন এবং সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারেন, তা নিশ্চিত করা প্রয়োজন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও বিভিন্ন উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেন আয়োজকরা। এ সময় নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় এবং তাঁদের শিক্ষা ও আগামী দিনের পথচলার শুভকামনা জানানো হয়। অনুষ্ঠানে নবীনদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় ঢাকা মহানগর উত্তর ছাত্রশিবিরের সভাপতি এস আই সায়েম, তিতুমীর কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি খাদেমুল ইসলাম সিয়ামসহ সংগঠনটির কেন্দ্রীয় ও কলেজ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গতকাল ১৪ অক্টোবর রাত ১১টায় তিতুমীর কলেজের অধ্যক্ষ ছদরুদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক নোটিশে আজ হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ক্যাম্পাসে সব ধরনের অনুষ্ঠান আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে সেই নিষেধাজ্ঞা অমান্য করে অনুষ্ঠান আয়োজন করে শাখা ছাত্রশিবির।
