মা ইলিশ সংরক্ষণ অভিযানে ভোলার মেঘনা নদীতে জেলা মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১০ হাজার মিটার বেআইনি কারেন্ট জাল ও ৩টি মাছ ধরার নৌকাসহ ১৭ জন জেলেকে আটক করা হয়েছে।
গতকাল শনিবার দিবাগত গভীর রাতে ভোলার মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সারাদেশে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা চলছে। এ নিষেধাজ্ঞা সফল করতে দিন-রাত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে নিয়মিত টহল ও তদারকি চালাচ্ছে যৌথ বাহিনী। আটককৃত জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং জব্দকৃত কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া জানান, মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শতভাগ বাস্তবায়ন করতে আমরা বদ্ধপরিকর। এ লক্ষ্যে কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে যৌথভাবে নদীতে নিরবচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো অসাধু জেলেক নদীতে নামতে দেওয়া হবে না এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ইলিশের বংশবৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২২ দিনের এই সর্বাত্মক নিষেধাজ্ঞা চলাকালে নদীতে সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুদ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
