প্রকাশিত: ২২:১৩, ২১ অক্টোবর ২০২৬
দেশের শেয়ারবাজারে নানা সংস্কার কার্যক্রম চলমান। এর মধ্যে নতুন কোম্পানি সহজে বাজারে তালিকাভুক্ত করতে সরাসরি লিস্টিং বিধিমালা সংশোধন করা হয়েছে। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে নতুন কোম্পানি বাজারে আনার জন্য আইপিও বিধিমালাও সহজ করার কাজ চলমান। এসবের মধ্যে নতুন বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে শেয়ারবাজারে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, গত ১৯ অক্টোর পর্যন্ত শেয়ারবাজারে মোট বেনিফিশিয়ারি অ্যাকাউন্টের (বিও হিসাব) সংখ্যা ১৬ লাখ ৭১ হাজার ৯১৬টি। এর মধ্যে শেয়ার রয়েছে এমন ১২ লাখ ৪ হাজার ৮৭৪টি বিও রয়েছে। চলতি বছরের প্রথম দিন ১ জানুয়ারিতে বাজারে বিও হিসাব ছিল ১৬ লাখ ৪০ হাজার ৫৫৮টি। এর মধ্যে শেয়ার ছিল এমন বিও হিসাবের সংখ্যা ছিল ১২ লাখ ৫ হাজার ৫৯৫টি। গত দশ মাসে বিও হিসাবের সংখ্যা বেড়েছে তবে শেয়ার আছে এমন বিও হিসাবের সংখ্যা কিছুটা কমেছে।
বিও হিসাবধারী নারী-পুরুষ
গত ১৯ অক্টোবর পুরুষ বিনিয়োগকারীর বিও হিসাব দাঁড়িয়েছে ১২ লাখ ৬০ হাজার ৩৪৭টি এবং নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ৩ লাখ ৯৩ হাজার ১৮২দটি। চলতি বছরের প্রথম দিন পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১২ লাখ ৩৩ হাজার ৮৯৬ টি এবং নারীদের ছিল ৩ লাখ ৮৮ হাজার ৮৫৫ টি। আলোচ্য সময়ে নারী-পুরুষ দুই ক্যাটাগরির বিও হিসাবই বেড়েছে।
স্থানীয় ও প্রবাসী বিও হিসাবধারী
দেশে বসবাসকারীদের বিও হিসাব গত ১৯ অক্টোবর দাঁড়িয়েছে ১৬ লাখ ১১ হাজার ৫৪৩টি এবং প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব ৪১ হাজার ৯৮৬ টি। চলতি বছরের শুরুতে ১ জানুয়ারি দেশে বসবাসকারীদের বিও হিসাব ছিল ১৫ লাখ ৭৯ হাজার ২০২টি এবং প্রবাসীদের বিও হিসাব ছিল ৪৩ হাজার ৫৪৯টি। আলোচ্য সময়ে স্থানীয়দের বিও হিসাবের সংখ্যা বাড়লেও প্রবাসীদের বিও হিসাব কমেছে।
প্রাতিষ্ঠানিক বিও হিসাবধারী
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অর্থাৎ কোম্পানির বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৮৭টি। চলতি বছর ১ জানুয়ারি এসব বিও হিসাব ছিল ১৭ হাজার ৮০৭টি। আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিও হিসাব খোলার প্রবণতা বেড়েছে।
বাজারের নানাবিধ সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ ও বাস্তবায়ন করছে বর্তমান কমিশন। এসব চলমান সংস্কারের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ারবাজারের প্রতি নতুন প্রত্যাশা সৃষ্টি হচ্ছে। এর মধ্যে গত দশ মাসের ব্যবধানে বিনিয়োগকারীদের উপস্থিতি বাড়ছে শেয়ারবাজারে।
