দেবহাটায় ইছামতির শতবর্ষী মিলনমেলা ছাড়াই হলো বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন

দেবহাটায় গত কয়েক বছরের মতো বাংলাদেশ ভারত সীমান্ত নদী ইছামতিতে শতবর্ষী মিলনমেলা বা বড় কোন আয়োজন ছাড়াই প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজার বিজয়া দশমী।
বুধবার ২১ অক্টোবর সন্ধ্যায় এ প্রতিমা বিসর্জনের কার্যক্রম শেষ হয়। এবারও প্রতিমা বিসর্জনের জন্য ছাড়া অন্য কোন নৌকা নদীতে নামতে পারেনি। এখন থেকে প্রায় ১৪ বছর আগেও এই ইছামতি নদীতে হতো দুই দেশের মিলনমেলা।
দুর দুরান্ত থেকে হাজারো মানুষ ছুটে আসতো দেবহাটার ইছামতি নদীর এই সীমান্ত পারে। ভারতের পাশেও থাকতো হাজারো মানুষ। অনেকেই আসতেন সীমান্তের ছোয়া নিতে আবার অনেকে আসতেন আনন্দের পরশ নিতে। নদীর দুই পাশে ভাসতো শতশত নৌকা। কিন্তু গত ২০১২ সালে ভারতের কলকাতা যাদবপুর বিজ্ঞান ইউনিভার্সিটির এক ছাত্র নৌকা ডুবিতে মারা গেলে ভারতের মিডিয়ার ব্যাপক নেতিবাচক দিক তুলে ধরে সংবাদ প্রকাশিত হয়। তারপর থেকেই ভারতীয় প্রশাসন এই মিলনমেলার বন্ধ করে দেয়। সেবছর থেকেই দুইদেশের মানুষ পৃথক পৃথকভাবে যার যার সীমান্তের মধ্যে থেকে প্রতিমা বিসর্জন দেয়।
এবছরও সেই রকমভাবে প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। এবছর উপজেলার ২১টি মন্ডপে সাড়ম্বরভাবে উদযাপন করা হয়েছে দূর্গাপূজা। এই পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ, সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলমসহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ কয়েকদফা মন্ডপ পরিদর্শন করেন। এছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ মন্ডপ পরিদর্শন করেন। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, এবছর সনাতন ধর্মাবলম্বী মানুষদের সবচেয়ে বড় উৎসব শারদীয় উৎসব উদযাপনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছিল। কোন অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সার্বিক মনিটরিং করা হয়েছে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে শারদীয় উৎসব শেষ হয়েছে।
এই বিভাগের আরো খবর






