কালবেলা · general
চাঁদপুরে ২১ জেলে গ্রেপ্তার, ১০ মণ ইলিশ জব্দ
১৫/১০/২০২৬

মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন নির্বিঘ্ন রাখতে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে নৌ থানা পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) রাতভর অভিযানে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারে জড়িত থাকার অভিযোগে ২১ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৬টি ইঞ্জিনচালিত নৌকা, ১০ মণ ইলিশ এবং ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর নৌ থানার অফিসার ইনচার্জ মো. আজমগীর হোসাইন।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানের নেতৃত্বে এবং চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইনের তত্ত্বাবধানে নদীপথে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নদীতে নিষিদ্ধ সময়ে মাছ শিকারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হয়।
নৌ-পুলিশ সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে গ্রেপ্তার ২১ জেলের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ৬টি নিয়মিত মামলা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে মাছ ধরার কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকা, বিপুল পরিমাণ ইলিশ এবং অবৈধ কারেন্ট জাল।
চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইন বলেন, ‘মা ইলিশ সংরক্ষণে অভিযান শুরুর প্রথম সপ্তাহে ৫০ কেজি ইলিশ, ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ২০টি নৌকা জব্দ করা হয়েছে। এসব ঘটনায় মোট ২৪টি নিয়মিত মামলা করা হয়েছে।’
তিনি বলেন, ‘মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখা এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর সদর নৌ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
মূল প্রতিবেদনে যান ↗