স্টাফ করেসপন্ডেন্ট
রাজধানীর উত্তরায় টানা পঞ্চম দিনের মতো সড়কে নেমেছেন পোশাকশ্রমিকরা। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণ ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে এই আন্দোলন চলছে।
শনিবার তাঁদের মহাসড়ক অবরোধের চেষ্টাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৯ পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শিল্প পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং এক সদস্যের হাত ভেঙে গেছে।
আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা রাজলক্ষ্মী এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম এসব তথ্য জানান। তিনি জানান, সংঘর্ষের মধ্যে শিল্প পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়। শিল্প পুলিশের এক সদস্যকে মারধর করে তাঁর হাত ভেঙে দেওয়া হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।
পুলিশের জানায়, সকাল ১০টার দিকে উত্তরখান ও দক্ষিণখান থানা এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা কসাইবাড়ি রেলগেট, জামতলা রেলগেট, আজমপুর রেলগেট ও জসিমউদ্দিনের হলি ল্যাব মোড়ে জড়ো হতে থাকেন। পরে বেলা ১১টার দিকে তাঁরা উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কে একত্রিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশ অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
