উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের রাশিয়ায় পাঠিয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য করার অভিযোগে মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেফতার ব্যক্তিরা হলেন মিজানুর রহমান (৫৫) ও মো. আবু তাহের লেন্টু (৫০)।
এদিকে, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৪৬৩ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেফতার করেছে এসআরবি-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর কাওরান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্মাণকাজে চাকরির প্রলোভন দেখিয়ে রাজন হোসেন (২১) নামের এক তরুণকে ৮ লাখ ২৫ হাজার টাকার বিনিময়ে রাশিয়ায় পাঠানো হয়। এ ঘটনায় মিজানুর রহমান ও মো. আবু তাহের লেন্টুসহ কয়েকজনের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ রয়েছে।
গত ৭ মে রাশিয়ায় পৌঁছানোর পর রাজনসহ প্রায় ৩০ জন বাংলাদেশিকে জোরপূর্বক রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয় বলে জানানো হয়েছে। প্রশিক্ষণ শেষে রাজনকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্মুখসারিতে পাঠানো হয়। সেখানে ড্রোন হামলায় তাঁর কোমরের হাড় ভেঙে যায় এবং দুই পায়ের শক্তি হারিয়ে ফেলেন তিনি। চার দিন কষ্ট করার পর হাসপাতালে পৌঁছে চিকিৎসা নেন রাজন। পরে আহত অবস্থায় পালিয়ে দূতাবাসের সহায়তায় গত ২৩ আগস্ট দেশে ফেরেন তিনি।
দেশে ফিরে ক্ষতিপূরণ দাবি করলে মিজানুর রহমান রাজনের পরিবারের সদস্যদের গালিগালাজ, মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় রাজনের বাবার অভিযোগের ভিত্তিতে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তার পাঠানো চিঠির ভিত্তিতে এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি দল গত ১৩ অক্টোবর রাতে ফরিদপুরের নগরকান্দা থানার আটাইল এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেফতার করে। একই দিন এসআরবি-৬ ঝিনাইদহের কালীগঞ্জ এলাকা থেকে মো. আবু তাহের লেন্টুকে গ্রেফতার করে।
এসআরবির প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, চক্রটি প্রায় ৩০ জন বাংলাদেশিকে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় পাঠায়। পরে তাঁদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হয় বলে অভিযোগ রয়েছে। তাঁদের মধ্যে প্রায় ২০ জন মারা গেছেন এবং দুজন পালিয়ে দেশে ফিরেছেন বলে জানানো হয়েছে।
৪৬৩ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২
এসআরবি-১০-এর আরেকটি অভিযানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ৪৬৩ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। গত ১২ অক্টোবর রাত ১০টার দিকে দক্ষিণ বাঘাপুরের ধলেশ্বরী টোলপ্লাজা-সংলগ্ন সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাসে তল্লাশি চালানোর সময় তাঁদের আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ঝিনাইদহের মহেশপুরের মো. রুহুল আমীন (২৬) ও মো. লিয়াকত (৪৩)। তাঁদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস, দুটি মুঠোফোন এবং মাদক কেনাবেচার ১ হাজার ৩১০ টাকা উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এসআরবির তথ্য অনুযায়ী, উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএ
