দুর্গাপুজোয় যাদবপুর সুপার মার্কেটের সামনে, ইন্ডিয়ান কফি হাউসের নিচে দীর্ঘ প্রায় ৪৯ বছর বইয়ের স্টল উচ্ছেদের চেষ্টার অভিযোগে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল সিপিএমের এরিয়া কমিটি। আজ সোমবার হাই কোর্টের পুজোর অবকাশকালীন বেঞ্চের বিচারপতি পার্থ প্রতীম রায়ের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
আবেদনকারী রাজদীপ সরকারের অভিযোগ, চলতি বছরের দুর্গাপুজো উপলক্ষে ১৩ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত অস্থায়ী বইয়ের স্টল চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। মার্কসবাদী, প্রগতিশীল ও শিশুদের বই বিক্রির জন্য প্রায় ২০ ফুট বাই ১৬ ফুটের স্টল তৈরির পরিকল্পনা ছিল। এ বিষয়ে ১৯ সেপ্টেম্বর কলকাতা পুরসভার সংশ্লিষ্ট দফতরে অনুমতির আবেদন করা হয়। ২০ সেপ্টেম্বর যাদবপুর থানাকেও লিখিতভাবে বিষয়টি জানানো হয়।
পাশাপাশি, নির্ধারিত পুরকর বাবদ ৩২০০ টাকা জমা দেওয়ার কথাও মামলায় উল্লেখ করা হয়েছে। আরও দাবি, ৮ অক্টোবর কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ও পুলিশ কমিশনারকেও ই-মেলের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু সমস্ত প্রক্রিয়া অনুসরণের পরেও ১৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এক ব্যক্তি নিজেকে কলকাতা পুরসভার আধিকারিক পরিচয় দিয়ে পুলিশ বাহিনী ও বুলডোজার নিয়ে ঘটনাস্থলে আসেন এবং বইয়ের স্টল সরিয়ে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। এ বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়ে হাই কোর্টে আবেদন জানানো হয়েছে।
