আজকাল ওয়েবডেস্ক: একজনের বয়স ১৮ মাস। একজনের বয়স ১০। একজনের বিরুদ্ধে অভিযোগ, অন্যজনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার। মৃত শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে,দশ বছরের ওই কিশোরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। মুম্বাইয়ের গোরেগাঁও ইস্ট এলাকায় ১৮ মাসের এক শিশুর মৃত্যু হয়। সেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। এবার ওই ঘটনায় ১০ বছর বয়সী এক বালিকার বিরুদ্ধে হত্যার অভিযোগে এফআইআর (FIR) দায়ের করেছে মুম্বাই পুলিশ। শিশুটির মায়ের করা অভিযোগের ভিত্তিতে এই এফআইআর নথিভুক্ত করা হয়েছে। তথ্য, ১৪ অক্টোবর রাত ৯টা থেকে ৯টা ৩০ নাগাদ, ওই শিশুটি খেলছিল করিডোরে, বিড়ালের সঙ্গে। তারপর আর খুঁজে পায়নি শিশুটিকে তার পরিবার। ১২ বছরের দাদা আচমকা খুঁজতে খুঁজতে সিঁড়ির বেসমেন্টের দিকে তাকালে, নিজের বোনের পোশাক দেখতে পায়। শিশুটিকে উদ্ধার করে, তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
পুলিশের কাছে করা অভিযোগে শিশুটির মা জানিয়েছেন, ষষ্ঠ তলার নিরাপত্তা রেলিংটি প্রায় সাড়ে তিন ফুট উঁচু ছিল; তাই তাঁর মেয়ের পক্ষে দুর্ঘটনাবশত ভারসাম্য হারিয়ে রেলিংয়ের ওপর দিয়ে নিচে পড়ে যাওয়া সম্ভব নয়। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে শিশুটির মা বলেছেন, 'সিসিটিভি ফুটেজ যাচাই করার পর দেখা গিয়েছে, ১০ বছর বয়সী এক মেয়ে আমার মেয়েকে ইশারা করে লিফটের দিকে ডেকেছিল।'
শিশুটির মায়ের অভিযোগ, তাঁর মেয়ে ওই বড় মেয়েটির কাছে পৌঁছালে, ১০ বছর বয়সী সেই মেয়েটি তাকে কোলে তুলে লিফটের পাশে থাকা সিঁড়ির ফাঁক দিয়ে নিচে ফেলে দেয়। পরে ওই কিশোরীকে করিডোরে সাইকেল চালাতে দেখা গিয়েছিল বলেও অভিযোগ করেছেন মৃত শিশুর মা।
এর থেকেও বড় অভিযোগ তুলেছেন মৃত শিশুর বাবা মা। অভিযোগ, শিশুটির বাবা-মা অভিযোগ করেছেন, এই গোটা ঘটনা ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে নাবালিকা মেয়েটির পরিবার সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দিয়েছিল।
https://www.youtube.com/watch?v=JwFdq_tA9cE
