বাংলা সিনেমার স্বর্ণযুগের অন্যতম উজ্জ্বল অথচ ট্র্যাজেডিতে ভরা অধ্যায় প্রয়াত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরী। তাঁর অকালমৃত্যু এবং রহস্যজনক জীবনকাহিনি আজও সিনেমাপ্রেমীদের মনে দোলা দেয়। এবার সেই কিংবদন্তি অভিনেত্রীর বর্ণময় জীবনকে সেলুলয়েডের পর্দায় ফুটিয়ে তুলতে আসছে রাণা সরকারের প্রযোজনা এবং রাজদীপ ঘোষের পরিচালনায় নতুন বায়োপিক ‘গুনগুন করে মহুয়া’। ছবির মুক্তি ঘিরে চর্চার মধ্যেই সম্প্রতি প্রকাশ্যে এল ছবির প্রথম মিষ্টি রোমান্টিক গান ‘বঁধুয়া’।
অমিত কুমার এবং অন্তরা মিত্রের কণ্ঠে গাওয়া "বঁধুয়া" গানটি ইতিমধ্যে শ্রোতাদের মনে ভালবাসার এক অপূর্ব অনুভূতি জাগিয়ে তুলবে বলেই আশা নির্মাতাদের। গানের ভিডিওটিতে মহুয়ার তারকা হয়ে ওঠার আগের দিনগুলোকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। মঞ্চের ছোটখাটো পারফরম্যান্স থেকে শুরু করে ব্যক্তিগত সম্পর্ক—সবকিছুর টুকরো কোলাজ দেখা গেছে এই গানের ভিডিওতে। ছবিতে তরুণী মহুয়ার চরিত্রে অভিনয় করছেন দিব্যাণী মণ্ডল এবং প্রাপ্তবয়স্ক মহুয়ার চরিত্রে পর্দায় ম্যাজিক দেখাবেন অঙ্কিতা মল্লিক।
https://www.youtube.com/watch?v=W_WAFn2rL0A
ছবির কাস্টিংয়েও রয়েছে দারুণ চমক। প্রয়াত অভিনেত্রীর বাবা 'নীলাঞ্জন রায়চৌধুরী'র চরিত্রে দেখা যাবে বিশিষ্ট অভিনেতা লোকনাথ দে-কে। এক সাধারণ মধ্যবিত্ত বাঙালি পিতার চরিত্রে তিনি ফুটিয়ে তুলবেন সেই মানুষটিকে, যিনি হাজারো পারিবারিক চিন্তার মধ্যেও মেয়ের নাচের প্রতি ভালোবাসা ও স্বপ্নকে মরতে দেননি। মহুয়ার দিদির চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে জনপ্রিয় গায়িকা দেবলীনা নন্দীর।
এছাড়াও ছবিতে টলিউডের সেই সোনালী যুগের নক্ষত্রদের জীবন্ত করে তুলতে দেখা যাবে একদল পরিচিত মুখকে। অভিনেতা-পরিচালক তথাগত মুখার্জিকে দেখা যাবে খোদ 'মহানায়ক' উত্তমকুমারের চরিত্রে এবং অভিনেত্রী সন্ধ্যা রায়ের ভূমিকায় থাকছেন ঋদ্ধিমা ঘোষ। পাশাপাশি, মহুয়ার এক কাল্পনিক শুভাকাঙ্ক্ষীর চরিত্রে অভিনয় করেছেন অর্পণ ঘোষাল।
মহুয়ার আকস্মিক মৃত্যু ঘিরে আজও রয়েছে বহু অমীমাংসিত রহস্য। তিনি কি আত্মহত্যা করেছিলেন না কি এর নেপথ্যে অন্য কোনও কারণ ছিল? সম্পর্কের টানাপোড়েন, পেশাগত চাপ এবং মানসিক অবসাদের মেঘ—সব মিলিয়ে তাঁর জীবনাবসান নিয়ে অজস্র প্রশ্ন থাকলেও সরকারিভাবে কোনও স্পষ্ট জবাব মেলেনি।
দর্শকদের মনে থাকা সেই সমস্ত ধোঁয়াশা এবং অন্ধকারের গভীরে কি আলো ফেলতে পারবে এই বায়োপিক? সেই উত্তরই লুকিয়ে রয়েছে পরিচালক রাজদীপ ঘোষের ‘গুনগুন করে মহুয়া’ ছবির ফ্রেমে ফ্রেমে।
মহুয়ার মৃত্যু ঘিরে রয়েছে বহু গুজব—তিনি কি আত্মহত্যা করেছিলেন না কি অন্য কিছু? সম্পর্কের টানাপোড়েন, পেশাগত চাপ, মানসিক অবসাদ—সব মিলিয়ে তাঁর মৃত্যুকে ঘিরে ছিল অজস্র প্রশ্ন, যার কোনওটাই সরকারিভাবে স্বচ্ছভাবে প্রকাশ্যে আসেনি।
এই বায়োপিক সেই অন্ধকারেই কি আলো ফেলবে? উত্তর লুকিয়ে ‘গুনগুন করে মহুয়া’ ছবিতেই।
