চীনে দুটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। তার অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চীনে অবস্থান করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। এ সময়ে তিনি 'সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাউন্টেন সায়েন্স (আইসিএমএস ২০২৬)’ এবং ‘কাউন্সিল মিটিং অব দ্য এশিয়ান জিওগ্রাফিক্যাল অ্যাসোসিয়েশন-২০২৬ এ অংশ নেবেন। ভ্রমণসহ এ সময়ের জন্য তাঁকে সরকারি আদেশে দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়েছে।
আদেশে আরও বলা হয়, উপাচার্যের ছুটিকালীন সময়ে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম তাঁর নিয়মিত দায়িত্বের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।
