Published on
:
2 min read
চেনা ছবির বাইরে এক নতুন গল্প। সাধারণত, দোকানে বা নামফলকে দেখা যায় বাবা ও ছেলের নামের উল্লেখ। যেমন, 'গুপ্তা অ্যান্ড সন্স’, 'জি ডি গুপ্তা অ্যান্ড সন্স’, 'গুপ্তা ব্রাদার্স'। সম্প্রতি, বাঙালির দুর্গোৎসবে কলকাতায় দেখা গিয়েছে অন্য এক ছবি। এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, প্রতিমার নামফলকের নীচে শিল্পীর স্বাক্ষরে লেখা রয়েছে ‘স্বপন পাল অ্যান্ড ডটার।’
প্রোচি স্টোরিজ নামে এক ইনস্টগ্রাম ব্যবহারকারীর প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছিল ওই ভিডিয়োটি। কলকাতায় বেড়াতে এসে একটি দুর্গাপুজোর প্যান্ডেলে এই ছোট্ট অথচ হৃদয়স্পর্শী বিষয়টি লক্ষ্য করেন তিনি। তিনি পুজোর বাকি সাজসজ্জার পাশাপাশি বার বার করে জ়ুম করে শিল্পীর নামের পাশে তাঁর মেয়ের পরিচয় লেখা বিষয়টি সকলের নজরে এনেছেন।
সমাজমাধ্যমে প্রোচি ভিডিয়োটি পোস্ট করে লিখেছেন, কলকাতার হাটখোলার এক পুজো মণ্ডপে একেবারে আলাদা বিষয় চোখে পড়ল, যা দেখে সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে। বছরের পর বছর ধরে যেখানে আমরা ‘অ্যান্ড সন্স’ লেখা দেখতে অভ্যস্ত সেখানে একজন বাবা বেছে নিয়েছেন ‘অ্যান্ড ডটার’ অর্থাৎ তাঁর মেয়ের পরিচয়। এই বিষয়টি হয়তো একেবারেই ছোট কিন্তু এই বার্তার পিছনে রয়েছে ভালবাসা, গর্ব ও সমতার ইঙ্গিত।
প্রোচির এই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি এই ভিডিয়োর মাধ্যমে এই বাবা-মেয়ের জুটিকে খুঁজে বের করারা জন্যও আবেদন জানিয়েছিলেন। পাশাপাশি, ওই ভিডিয়োর কমেন্ট বক্সে একজন বাবার ছক ভাঙা এই সিদ্ধান্তকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন এই স্বাক্ষরের মাধ্যমে বাবা-মেয়ের ভালবাসার বন্ধন তুলে ধরা হয়েছে। আবার অন্য এক ইউজার এই ঘটনাটিকে গর্বের বলে প্রশংসা করেছেন। বাঙালির দুর্গাপুজোর অন্যতম অর্থবহ দিক বলে অভিহিত করেছেন তিনি।
