সংগীতশিল্পী, অভিনেতা রুশনাফ ওয়াদুদ মারা গেছেন। আজ সোমবার দুপুরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে বনানীর বাসায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৩৮ বছর। রুশনাফ ওয়াদুদের খবরটি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী আনান সিদ্দিকা।
জানা গেছে, এক দশকের বেশি সময় ধরে নানা রোগে ভুগছিল ও শ্বাসকষ্ট ছিল। শারীরিক কষ্টের মধ্যেও মাঝে মাঝে গান করে যেতেন।
রুশনাফ ওয়াদুদ ব্লান্ডারওয়্যার ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে পরিচিত ছিলেন। গাওয়ার পাশাপাশি গীতিকার হিসেবে প্রশংসা পেয়েছেন। পরবর্তী সময়ে দ্য অ্যাটেম্পটেড ব্যান্ডের ভোকালিস্ট হিসেবেও কাজ করেছেন। এই ব্যান্ডের ‘এই বিকেলে’ ও ‘ও মৌসুমী’ গানগুলো এখনো শ্রোতাদের মুখে মুখে ফেরে।
আবরার আতাহারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাইফ ইন আদার ওয়ার্ডস’–এ ‘নগণ্য মানুষ’ শিরোনামেও গান গেয়েছেন রুশনাফ।
সংগীতের পাশাপাশি অভিনয়েও যুক্ত ছিলেন রুশনাফ। ২০১৯ সালে মুক্তি পাওয়া প্রশংসিত অ্যান্থলজি চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’য় ছোট চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
