এআই-সমর্থিত এনইসি'র মানববিহীন বিভাগ
জাপানি ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান এনইসি ব্যবস্থাপনাকে সহায়তা করার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার অধ্যয়নের জন্য সম্পূর্ণ এআই পরিচালিত একটি মানববিহীন বিভাগ চালু করেছে।
বিভাগের প্রধান থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত, বিভাগের সমস্ত পদে উনচল্লিশটি এআই এজেন্ট রয়েছে। তাদের প্রত্যেকের নির্ধারিত ভূমিকার উপর ভিত্তি করে নাম দেওয়া হয়েছে।
এআই কর্মীরা তথ্য সংগ্রহের মাধ্যমে প্রতিবেদন তৈরি করে এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারীদের সহায়তা করে। এর মধ্যে আর্থিক অবস্থা বিশ্লেষণের জন্য মাসিক বিক্রয় পর্যালোচনা করাও অন্তর্ভুক্ত রয়েছে। তারা অতীতের ব্যাবসায়িক লেনদেনের উপর ভিত্তি করে ব্যবস্থাপনা হালনাগাদের সময়কাল অনুমান করে গ্রাহকদের চাহিদাও যাচাই করে। এআই কর্মীরা প্রতিদিন সকালে প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলোর খবরও যাচাই করে।
কাজের অগ্রগতি পর্যালোচনা করতে এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো সংক্ষিপ্তভাবে তুলে ধরতে বিভাগটি সপ্তাহে একবার নির্বাহী সভার আয়োজন করে।
এনইসি কর্মকর্তারা বলছেন, একজন এআই কর্মী সংখ্যা ইনপুট করতে ভুল করার পর, এর পুনরাবৃত্তি রোধের উপায় নিয়ে আলোচনা করতে তার ঊর্ধ্বতন কর্মকর্তা ওই এআই কর্মীর সাক্ষাৎকার নেন।
কোম্পানির কর্মকর্তারা বলছেন যে তারা এআই কর্মীদের ভূমিকা প্রসারিত করতে চান এবং চলতি বছর এই বিভাগে শত শত এআই এজেন্ট নিয়োগ করেন।