প্রকাশিত: ১৬:০৮, ১৪ অক্টোবর ২০২৬
গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে
নির্ধারিত সময়েও বকেয়া বেতন না পাওয়ায় গাজীপুরের শ্রীপুর উপজেলায় সি স্টেজ (বিডি) লিমিটেড কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে কর্মবিরতি পালনের পর বেলা সাড়ে ১১টার দিকে এমসি বাজার-শিশু পল্লী আঞ্চলিক সড়কের ইউনিয়ন মোড়ে অবরোধ শুরু করেন তাঁরা। দুপুর আড়াইটা পর্যন্ত অবরোধ চলছিল।
শ্রমিকেরা জানান, গত ১০ অক্টোবর বকেয়া বেতনের দাবিতে আন্দোলনের পর কারখানা কর্তৃপক্ষ ১৩ অক্টোবর সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধের আশ্বাস দেয়। তবে নির্ধারিত দিনে বেতন না পাওয়ায় তাঁরা আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়। প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধের দাবি জানিয়েছেন তাঁরা।
কারখানার প্রোডাকশন ম্যানেজার ফরহাদ বলেন, বিভিন্ন জটিলতার কারণে মঙ্গলবার (১৩ অক্টোবর) শ্রমিকদের বেতন দেওয়া সম্ভব হয়নি। বুধবারের (১৪ অক্টোবর) মধ্যে বেতন পরিশোধ করা হবে।
অবরোধের খবর পেয়ে থানা-পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
গাজীপুর শিল্প পুলিশের শ্রীপুর সাব-জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার বলেন, এক মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা প্রথমে কারখানার ভেতরে শান্তিপূর্ণ অবস্থান নেন। পরে তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
