রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনের ষষ্ঠ তলায় থাকা কসমেটিকস ও ব্যাগের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে তা বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ফায়ার ফাইটিং ইউনিট, একটি বিশেষ রেসপন্স টিম ও একটি লাইটিং ইউনিটসহ মোট ১২টি ইউনিট কাজ করে। এতে ফায়ার সার্ভিসের প্রায় ১৫০ জন কর্মী ছাড়াও স্থানীয় স্বেচ্ছাসেবক ও এলাকাভিত্তিক ভলান্টিয়াররা সহযোগিতা করেন।
সোমবার বিকেল ৫টার দিকে আগুন লাগে। রাত দেড়টা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার ঘোষণা না দিলেও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, আগুন আর বাড়ার সম্ভাবনা নেই। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
পুরান ঢাকার সরু রাস্তাঘাট এবং ভবনের কাঠামোগত জটিলতার কারণে ফায়ার সার্ভিসের ভারী ও বিশেষ পানিবাহী যানবাহন ঘটনাস্থলে নেওয়া কঠিন হওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেশি সময় লাগছে বলে জানা যাচ্ছে।
সোমবার দিবাগত রাত একটার পর ঘটনাস্থলে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুনের তীব্রতা বিবেচনায় পর্যায়ক্রমে বাড়ানো হয় ইউনিটের সংখ্যা। ভবনের ষষ্ঠ তলার অংশ আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, পুরান ঢাকার সরু রাস্তাঘাট এবং ভবনের কাঠামোগত জটিলতার কারণে ফায়ার সার্ভিসের ভারী ও বিশেষ পানিবাহী যানবাহন ঘটনাস্থলে নেওয়া কঠিন হয়ে পড়ে। তবে এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও ফায়ার ফাইটাররা জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যান।
আগুনের ভয়াবহতা মোকাবিলায় ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয় ভলান্টিয়ার ও স্বেচ্ছাসেবকরাও সহযোগিতায় এগিয়ে আসেন। দীর্ঘ সময় ধরে চলে আগুন নেভানো ও পরিস্থিতি নিয়ন্ত্রণের কার্যক্রম।
অগ্নিকাণ্ডে রাত সোয়া দুইটা পর্যন্ত কোনো সাধারণ নাগরিক বা ব্যবসায়ীর প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়া ও অসুস্থতার কারণে ফায়ার সার্ভিসের দুই সদস্য আহত হন। তাদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভবনের ষষ্ঠ তলায় থাকা কসমেটিকস ও ব্যাগের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ভবনের বিভিন্ন কম্পার্টমেন্টে ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।
লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, আগুন পুরোপুরি নির্বাপণের পর তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা হবে।
ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায় সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে এবং প্রথম ইউনিট পৌঁছায় ৫টা ২২ মিনিটে।
