জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে মোট ৩ লাখ ২ হাজার ৭৪২টি মামলার বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ২ লাখ ৫৭ হাজার ২২৭টি মামলা নিষ্পত্তি হয়েছে।
এসব মামলায় এডিআরের মাধ্যমে উপকৃত হয়েছেন ৫ লাখ ২ হাজার ১৮১ জন। এই পদ্ধতি হলো বিচারিক প্রক্রিয়ার বাইরে আলোচনার মাধ্যমে কিংবা মধ্যস্থতার সাহায্যে বিরোধ নিষ্পত্তি করে দেওয়া।
বিজ্ঞাপন
জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে প্রি-কেইস ও পোস্ট-কেইস পর্যায়ে এডিআর কার্যক্রমের এসব পরিসংখ্যান তুলে ধরা হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এডিআরের জন্য উদ্যোগ নেওয়া মামলাগুলোর মধ্যে নিষ্পত্তি হয়েছে প্রায় ৮৫ শতাংশ। অর্থাৎ এ পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া মামলাগুলোর বড় একটি অংশের সুরাহা হয়েছে। আদালতের বাইরে বিকল্প পদ্ধতিতে বিরোধ মীমাংসার মাধ্যমে বিপুলসংখ্যক বিচারপ্রার্থী এ কার্যক্রমের সুফল পেয়েছেন।
বিজ্ঞাপন
প্রতিবেদনে আরও বলা হয়, একই সময়ে সরকারি খরচে মোট ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। এ সেবার আওতায় ছিলেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের সব নিম্ন আদালত ও শ্রম আদালতের বিচারপ্রার্থী এবং কারাগারে থাকা অসচ্ছল বন্দিরা।
দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসামর্থ্য বিচারপ্রার্থীদের আইনি সহায়তা নিশ্চিত করতে সরকারি খরচে এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।
বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর হলো আদালতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার বাইরে আলোচনার মাধ্যমে কিংবা মধ্যস্থতার সাহায্যে বিরোধ নিষ্পত্তির একটি পদ্ধতি। এর মাধ্যমে বিরোধের দ্রুত ও কার্যকর সমাধানের সুযোগ তৈরি হয় এবং বিচারপ্রার্থীদের সময় ও ব্যয় সাশ্রয়ে সহায়তা পাওয়া যায়।
এফএইচ/এমআইএইচএস
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
