কালবেলা · general
মাঠে ঘুমন্ত ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার
১৩/১০/২০২৬

নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসার মাঠে ঘুমন্ত অবস্থায় কামাল উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার প্রধান আসামি নিহতের শ্যালক মো. আকাশ উদ্দিনকে (২২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে এসআরবি-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে সোমবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকার উত্তরা পূর্ব থানার আজমপুর কাঁচাবাজার এলাকার একটি সিএনজি পাম্পের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আকাশ উদ্দিন নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের পূর্ব দুর্গানগর এলাকার আমজাদ হাজী বাড়ির আমির হোসেনের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত কামাল উদ্দিনের বাড়ি নোয়াখালীর সুবর্ণচরের চররমিজ এলাকার গুচ্ছগ্রাম দক্ষিণ দিঘিতে। তার সাবেক স্ত্রী তানিয়া আক্তারের সঙ্গে প্রায় চার-পাঁচ বছর আগে বিবাহবিচ্ছেদ হয়। এরপর শ্বশুরবাড়িতে থাকার জায়গা না পেয়ে তিনি সদর উপজেলার পূর্ব দুর্গানগর এলাকার মোহাম্মদীয়া নুরানী মাদ্রাসায় রাত কাটাতেন এবং দিনে শ্রমিকের কাজ করতেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে মাদ্রাসার মাঠে ঘুমিয়ে ছিলেন কামাল উদ্দিন। এ সময় এলাকার লোকজনের চলাচল কমে এলে আকাশ উদ্দিনসহ অন্য আসামিরা তাকে লাঠি দিয়ে মারধর করে। একপর্যায়ে আকাশ উদ্দিন ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় নিহতের বড় ভাই আব্দুল হক (৪৮) বাদী হয়ে ১২ অক্টোবর সুধারাম থানায় হত্যা মামলা করেন।
এসআরবি জানায়, মামলা দায়েরের পর জড়িত আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি আকাশ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হবে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗