ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের সম্ভাব্য বিমান হামলার জবাবে সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে হুথি বিদ্রোহীরা। একই সঙ্গে এসব স্থাপনা থেকে সাধারণ মানুষকে দ্রুত সরে যেতে এবং দূরে থাকতে বলেছে তারা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) হুথিরা জানায়, সৌদি জোট সানায় হামলা চালালে দাম্মামে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর সদর দপ্তর, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানীতে অবস্থিত আরামকোর তেল শোধনাগার লক্ষ্যবস্তু করা হতে পারে।
এর আগে সানার একটি তেল স্থাপনায় বিমান হামলার পরিকল্পনার কথা জানিয়ে সেখানকার বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি। এর পরপরই পাল্টা হামলার হুঁশিয়ারি দেয় হুথিরা।
সাম্প্রতিক দিনগুলোতে হুথি ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে উত্তেজনা বেড়েছে। গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় হতাহত হওয়ার খবর পাওয়া যায়। এর পর থেকে হুথিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছে সৌদি পক্ষ।
মঙ্গলবারও রিয়াদের আকাশে তিনটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে সৌদি জোট। তবে ড্রোনগুলো কোথা থেকে ছোড়া হয়েছিল বা কোন স্থাপনাকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
