কালবেলা · দেশ
রিয়াদে আটকে পড়া ৪০ ওমরাহযাত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা
২৫/১০/২০২৬

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলার ঘটনায় সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশি ওমরাহযাত্রীদের শেষ কাফেলার ৪০ সদস্য দেশে ফিরেছেন।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে তারা জেদ্দা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদের) নির্দেশনায় মন্ত্রণালয়ের পরিচালক (হজ) মো. লোকমান হোসেন, জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিমানবন্দরে ওমরাহযাত্রীদের অভ্যর্থনা জানান।
মন্ত্রণালয়ের দাবি, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর আটকে পড়া ওমরাহযাত্রীদের নিরাপদে দেশে ফেরাতে সার্বিক সমন্বয় করা হয়। এ সময় ধর্মমন্ত্রী সৌদি আরবে অবস্থানরত যাত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ধর্মমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে সৌদি আরবে অবস্থানকালে ওমরাহযাত্রীদের দুই দিনের আপ্যায়ন ও পোশাকের ব্যবস্থা করা হয়। দেশে ফেরার পরও তার ব্যক্তিগত তহবিল থেকে যাত্রীদের আপ্যায়ন এবং সিরাজগঞ্জে নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য যানবাহনের ব্যবস্থা করা হয়।
কাফেলার মুয়াল্লিম আব্দুল্লাহ আল মামুনের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলার পর ধর্মমন্ত্রী নিয়মিত তাদের খোঁজখবর নিয়েছেন। লাগেজ না পাওয়ায় বিপাকে পড়া যাত্রীদের জন্য পোশাক, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থাও করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশে ফিরে ওমরাহযাত্রীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা রিয়াদে বাংলাদেশ দূতাবাস, মক্কা ও মদিনা হজ মিশন, সৌদি সরকার এবং সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষকেও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
এদিকে হামলায় আহত বাংলাদেশি ওমরাহযাত্রীদের মধ্যে সাতজন এখনো সৌদি আরবের রাজধানী রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
মূল প্রতিবেদনে যান ↗