৩৭টি দেশের কয়েক শত দলকে পেছনে ফেলে জাতিসংঘের বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হ্যাকাথন ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনালে বিজয়ী হয় বাংলাদেশের ‘টিম জেডএআই বিডি’। দলটির নেতৃত্বে ছিলেন নওগাঁর বদলগাছীর সন্তান ও এআই প্রকৌশলী আবু নাছের মুহা. নাফিউ।
‘ইউনাইটেড নেশনস গ্লোবাল হ্যাকাথন ২০২৬’ আয়োজন করে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনএসকাপ)। পাঁচ মাসের দীর্ঘ বাছাইপ্রক্রিয়া শেষে চূড়ান্ত পর্বে যুক্তরাষ্ট্র, চীন, সিঙ্গাপুরের মতো পরাশক্তিগুলোকে হারিয়ে শীর্ষ স্থান অর্জন করে বাংলাদেশ।
বাংলাদেশের এই বিজয়ের মূল কারিগর দলটির উদ্ভাবিত এআই প্ল্যাটফর্ম ‘ক্লজচেইন’। এটি উন্মুক্ত সোর্স প্রযুক্তিতে তৈরি একটি প্ল্যাটফর্ম, যা বিভিন্ন দেশের ডিজিটাল বাণিজ্যসংক্রান্ত আইন বিশ্লেষণ ও তথ্যের নিখুঁত সত্যতা যাচাই করতে পারে। বর্তমানে এটি অস্ট্রেলিয়া, চীন, ভারত ও সিঙ্গাপুরসহ ১১টি দেশের সাড়ে সাত শর বেশি আইন ও দেড় লাখের বেশি আইনি ধারা প্রক্রিয়াজাত করতে সক্ষম।
বিডিরেনের নিজস্ব অবকাঠামো ও সুপারকম্পিউটার ব্যবহার করে বিদেশি প্রযুক্তি ছাড়াই সম্পূর্ণ দেশীয় দক্ষতায় প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে।
দলনেতা আবু নাছের নাফিউ বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) ইনোভেশন বিভাগের ব্যবস্থাপক হিসেবে কর্মরত। তিনি বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের সাবেক শিক্ষার্থী।
নিজের অনুভূতি জানিয়ে নাফিউ বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল সম্পূর্ণ নির্ভুল তথ্য যাচাইয়ের ব্যবস্থা করা। আমাদের এই অর্জন প্রমাণ করেছে যে বাংলাদেশের নিজস্ব অবকাঠামোতেই বিশ্বমানের এআই প্রযুক্তি তৈরি সম্ভব।’ তার এই বিশ্বজয়ে শিক্ষক ও স্থানীয়দের মাঝে বইছে আনন্দের জোয়ার।