ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধ এবং ইতিমধ্যে নেওয়া এ ধরনের পদক্ষেপ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি উদ্ধৃত করা হয়েছে। তাতে বলা হয়, আজারবাইজানে হারজগের সঙ্গে বৈঠকের সময় ওয়াং ই পশ্চিম তীরে ইসরায়েলের ‘জোরপূর্বক বসতি স্থাপন’ বন্ধ ও তা প্রত্যাহারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
বৈঠকে ওয়াং ই আরও বলেন, ফিলিস্তিন প্রশ্নকে চীন চলতি শতাব্দীর সবচেয়ে বড় ঐতিহাসিক অবিচার হিসেবে বিবেচনা করে।
ফিলিস্তিন ইস্যুতে চীন দীর্ঘদিন ধরে এ অবস্থান তুলে ধরে আসছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
