রাজধানীর আবদুল্লাহপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া ভোলার মনপুরা উপজেলার তরুণ মো. ফরহাদের (২৪) সন্ধান মেলেনি তিন দিনেও। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম।
নিখোঁজ ফরহাদ ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মো. মিরাজের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি কারখানার কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার ও জিডি সূত্র জানায়, গত রোববার (১১ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুরের পূর্ব পাশের এলাকা (উত্তরা ১ নম্বর ওয়ার্ড) থেকে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ ফরহাদের বড় ভাই মো. সাত্তার জানান, রোববার আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে নোয়াখালী হয়ে মনপুরায় নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওনা দেন ফরহাদ। বাসে ওঠার কথা ফোনে জানানোর মাত্র এক ঘণ্টার মধ্যেই তাঁর ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে পরিবারের স্বজনেরা তাঁর আর কোনো সন্ধান পাননি।
সম্ভাব্য বিভিন্ন স্থান ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও কোনো খবর না পাওয়ায় চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে নিখোঁজের পরিবার।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম জানান, যুবকের নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাঁর অবস্থান সনাক্তকরণ ও উদ্ধারে পুলিশ তদন্ত জোরদার করেছে।
