গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
রাজধানীর মগবাজারে ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। শনিবার ২৪ অক্টোবর রাতে হাতিরঝিল থানায় নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনার তদন্ত কাজ চলছে। এখনও এর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
এর আগে, শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। সে সময় গাড়িতে ছিলেন না আসিফ। তিনি ওই ভবনে নিজের ব্যক্তিগত অফিস বা স্টুডিওতে ছিলেন।
গাড়িতে অন্য কেউ না থাকায় এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গুলিতে গাড়ির পেছনের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ জানায়, সিএনজিচালিত অটোরিকশায় এসে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে একই অটোরিকশায় মালিবাগের দিকে পালিয়ে যান তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে একটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি গুলির ঘটনার পেছনের উদ্দেশ্যও খতিয়ে দেখছে পুলিশ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
